একুশে পদকে মনোনয়ন পেয়েছেন কুমিল্লার খ্যাতনামা শিক্ষাবিদ ও ভাষা সৈনিক প্রয়াত অধ্যাপক অজিত কুমার গুহ। বর্তমান সরকার কর্তৃক এ বছর একুশে পদকে মনোনীত ১২ জনের মধ্যে তিনি অন্যতম। তার এ মনোনয়নে কুমিল্লা অজিত গুহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নগরীর বিশিষ্টজনেরা সরকারের এ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন।
কুমিল্লা জেলা প্রশাসন এবার তাকে একুশে পদক মনোনয়নে উদ্যোগ গ্রহণ করে এবং ২০১৩ সালে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক মনোনয়নের জন্য জেলা প্রশাসনের একটি প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে।
আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বছরের একুশে পদক প্রদান করবেন। পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন নগদ ১ লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণ পদক ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।
