সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
“বাঘ আর সুন্দরবন, এদের বাঁচাতে এক হোন” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে এবং শ্যামনগর উপজেলা প্রশাসন, রিলিফ ইন্টারন্যাশনাল, সুশীলন (সুন্দরী প্রকল্প), জোয়ার, বারসিক, সুদ্বীপ্তি, আইপ্যাক এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ,আলোচনা সভা ও বাঘ আক্রমণে নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ। বর্ণাঢ্য র্যালিটি শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ দৌলতুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এইচ এম গোলাম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মাওঃ আব্দুল বারী, ভাইস চেয়ারম্যান শিল্পী রানী মৃধা, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা তৌফিকুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব, রিলিফ ইন্টারন্যাশনালের জেলা পিসি শেখ মাসুদুল হাসান, সুশীলনের সুন্দরী প্রকল্পের ম্যানেজার তাপস কুমার দাশ, বারসিকের শাহীন ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বাঘের আক্রমণে নিহত পরিবারের মধ্যে ছফুরা, মনোয়ারা, সালমা, রিজিয়া খাতুন নামের চার নারীর প্রত্যেককে একলক্ষ টাকা এবং বাঘের আক্রমণে আহত রমেশ মুন্ডাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।