সুন্দরবনের র্যাবের সাথে বন্দুকযুদ্ধ
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা\ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ভদ্রা ফরেস্ট ক্যাম্প এলাকায় বিলমারী খালে র্যাব-৬ এর সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময়ে নমির বাহিনীর ৩ বনদস্যু অস্ত্রসহ আটক হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।
স্বরূপকাঠির বলদিয়া ইউনিয়নের উপ-নির্বাচন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ আগামী ৬ মার্চ ভোট গ্রহণের দিন ধার্য করে স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. খালিদ বিন রউফ ঐ তফসিল ঘোষণা করেন।
নড়িয়া দরবার শরীফের ভক্তের মিলন মেলা
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুর নড়িয়া উপজেলায় পণ্ডিতসার চিশতীনগর খানকায়ে চিশতীয়া দরবার শরীফে সপ্তাহব্যাপী হযরত শাহ ছুফী ছৈয়দ গোলাম মাওলা হোছাইনী চিশতী শামপুরী ক্বেবলা কা’বা’রা. আ.’র ২৭তম বার্ষিক উরস মোবারক। শুক্রবার আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাজ্জাদানশীন শাহজাদা ছুফী সৈয়দ গোলাম মোনায়েম হোসাইনী চিশতী।
শ্রীপুরে মত্স্যজীবীদের মাঝে বেড়জাল বিতরণ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা\ মত্স্য অধিদপ্তরাধীন অর্থনৈতিকভাবে পশ্চাত্পদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মাছ ধরার জাল বিনিময় কার্যক্রমে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মত্স্যজীবীদের মাঝে বিনামূল্যে ৫টি মত্স্যবান্ধব বেড়জাল বিতরণ করা হয়।
রাবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ
রাজশাহী অফিস \ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি ইতিহাস বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের নবীনবরণ বৃহস্পতিবার শহীদুল্লাহ কলাভবনে অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর মো. আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর এএফএম শামসুর রহমান, প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, প্রফেসর মো. ফারুক-উজ্জামান, প্রফেসর মর্ত্তুজা খালেদ, প্রফেসর মো. শফিউল আলম ও প্রফেসর মাহমুদা খাতুন।
কেশবপুরে এডভোকেসি ওয়ার্কসপ
কেশবপুর(যশোর) সংবাদদাতা \ বৃহস্পতিবার কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্প্রিং এডভোকেসি ওয়ার্কসপ হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁচতে শেখার বাস্তবায়নে ইউএস এ আইডির অর্থায়নে স্প্রিং প্রকল্পের আওতায় মা ও শিশু পুষ্টিমান বিষয়ক এ্যাডভোকেসী ওয়ার্কসপে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন।
কলারোয়ায় সংঘর্ষ:আহত পাঁচ
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা \ কলারোয়ায় জমির দলিল জাল করে লিখে নেয়ার ঘটনায় সংঘর্ষে ৫জন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ধানঘোরা গ্রামে। উপজেলার ধানঘোরা গ্রামের আ. গফ্ফারের জমি গোপনে অন্য আরেকজন লোকের মাধ্যমে নিজাম উদ্দীন জাল দলিল করে লিখে নেয়।
খুলনা প্রেসক্লাবকে রাজাকারমুক্ত করার দাবি
খুলনা অফিস\ ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবকে রাজাকার ও তাদের দোসরমুক্ত করার আহ্বান জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। পাশাপাশি জাতীয় প্রেসক্লাব থেকে আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের সদস্য পদ বাতিল করায় ক্লাব কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়।
গোপালপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশ
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ যুদ্ধাপরাধীর ফাঁসি এবং জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় চত্বরে গণজাগরণ মঞ্চে সমাবেশ করে।
চিনাডুলী ইউনিয়ন উন্নয়ন কমিটির সভা
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চিনাডুলী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আ. সালামের সভাপতিত্বে উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল।
মুন্সীগঞ্জে ৪০ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে বৃহস্পতিবার ভোরে ২টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মত্স্য বিভাগ। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
টঙ্গীতে অজ্ঞাত যুবক গণপিটুনিতে নিহত
টঙ্গী সংবাদদাতা \ টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনীতে এক যুবক নিহত। এ সময় অপর দু’জন পালিয়ে যায়। রাতে টঙ্গীর বনমালা রোড এলাকায় কয়েকজন লোক ঘুরাফেরা করার সময় এলাকাবাসির সন্দেহ হয়। এলাকাবাসি তাদের পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাবার সময় একজনকে ধরে গণপিটুনী দেয়া হয়। এতে ঘটনাস্থলে এক যুবক মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি চাপাতি উদ্ধার করেছে। নিহতের মৃতদেহ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আড়াইহাজারের দুই বাড়ীতে ডাকাতি
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর পৌরসভার চামুরকান্দী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে ডাকাতদল ২ জনকে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুটে নিয়েছে ৭ লাখ টাকার মালামাল।
মতলবে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুরের মতলব উত্তর মেঘনায় নিখোঁজ হওয়ার ৮ দিন পর মানিক বর্মণ (৩৮) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌ-ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করা হয়। মানিক বর্মণ মতলব উত্তর উপজেলার তিতারকান্দি গ্রামের মাখন বর্মণের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ গ্রেফতার দুই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আখাউড়া-চান্দুরা সড়কের গেরারগাঁও এলাকা থেকে র্যাব-৯, ভৈরব ক্যাম্পের একটি দল মাহফুজ-উল-আমিন নূর এর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি টেম্পো থেকে বৃহস্পতিবার মাদক আটক করেছে। এব্যাপারে ২জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৪০২ বোতল মাদক ৫ কেজি গাঁজা।
মিঠাপুকুরে ওয়্যারবীর সংবাদ সম্মেলন
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার ওয়্যারবী নিরাপদ অভিবাসন তথ্য সহায়তা কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসনের প্রতিবন্ধকতা ও এর প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন মিঠাপুকুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফিজুর রহমান মানিক, বিপ্লব রহমান, রেজাউল করিম লাবলু মনিরুজ্জামান বিজয়, শামীম আখতার ও ফিল্ড অর্গানাইজার সুইটি আকতার।
রায়পুরায় ব্র্যাকের ক্ষোভ প্রকাশ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রায়পুরায় ব্র্যাকের উদ্যোগে বৃহস্পতিবার অফিসের সামনে রায়পুরা-বারৈচা প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণ করেন ব্র্যাকের সকল কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।
কটিয়াদীতে ব্র্যাকের মানববন্ধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার পিছিয়েপড়া নারী সমাজের উন্নয়ন সহিংসতা প্রতিরোধ ও নির্মূল করার লক্ষ্যে প্রায় ৪হাজার হতদরিদ্র নারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নারীদের সংগঠন পল্লীসমাজের সদস্যগণসহ বিভিন্ন পেশার লোকজন এতে অংশ নেয়।
সৈয়দপুরে পিঠা উত্সব
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারী সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে পিঠা উত্সব করা হয়। গতকাল শুক্রবার বসন্তের প্রথমদিনে ওই উত্সবের আয়োজন করে রেলওয়ে লেডিস ক্লাব। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক মঞ্জুর-উল-আলম চৌধুরী সকালে এর উদ্বোধন করেন।
সৈয়দপুর বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা সদরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শওকত চৌধুরী।
ফুলপুরে ব্র্যাকের পুনর্মিলনী
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ শুক্রবার ব্র্যাক ফুলপুর বিডিপি’র উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে নাচ, গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এ সময় ব্র্যাকের হিসাব কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, এ এম প্রগতি তাজুল ইসলাম, ক্রেডিট কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
নাসিরনগরে ওরস মাহফিল
নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া দরবার শরীফে হযরত মওলানা সৈয়দ মীরান শাহ তাঁতারী বাগদাদী (রা:) এর ৯২তম বার্ষিক ওরস মাহফিল রবিবার অনুষ্ঠিত হবে। উক্ত ওরস মাহফিলে দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদগণ ওয়াজ নসিহত করবেন।
আমতলীতে ছালেহিয়া শরিফে আখেরি মোনাজাত
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে শুক্রবার জুম্মাবাদ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। ছারছিনা শরীফের পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৬১তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এ মাহফিল শুরু হয়।
জগন্নাথপুরে কৃষকদের বীজ আত্মসাত্
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুরে চলতি বোরো মৌসুমে ধানের বীজ কৃষকদের মধ্যে বিতরণ না করে কৃষি কর্মকর্তা কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কৃষি কর্মকর্তা কর্তৃক ডিলারের দোকানে পাচার করা ১০০শ’ বস্তা বীজের সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।
বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
বোচাগঞ্জ-দিনাজপুর সংবাদদাতা \ দিনাজপুরের বোচাগঞ্জ উজেলায় ২ দিনে ৬ জনকে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন করার অবস্থায় ৬ ব্যক্তিকে আটক করে। পরে তাদের উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল খায়রুম এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের জেল জরিমানার রায় প্রদান করে।
পবিপ্রবিতে পিঠা উত্সব
পবিপ্রবি সংবাদদাতা \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই এবং বি.এ.এম. অনুষদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বসন্তের শুভাগমন উপলক্ষে দুই দিনব্যাপী পিঠা উত্সবের আয়োজন করে। বৈচিত্র্যময় এ উত্সবে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।
