লক্ষ্যের কথা জানালেন ম্যাথুস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১০
টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে শ্রীলংকা দলের নবনিযুক্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দায়িত্ব পাওয়ার পরই বললেন, দল নিয়ে নিজের ভাবনার কথা। লক্ষ্যের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি জানান, দলকে আইসিসি র্যাংকিংয়ের উপরে তোলা এবং উভয় ফরম্যাটেই আগামী কয়েক বছরের মধ্যে তার দলকে বিশ্বের সেরা দলে পরিণত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সমপ্রতি অস্ট্রেলিয়া সফরের পর মাহেলা জয়াবর্ধনে অধিনায়কত্ব ছেড়ে দিলে দলটির নতুন অধিনায়ক করা হয় ম্যাথুসকে। সব ফরম্যাটেই এর আগে দু’বছরেরও বেশি সময় যাবত দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। একই সাথে টেস্ট ও ওয়ানডের সহ-অধিনায়ক এবং টি টোয়েন্টি দলের অধিনায়ক করা হয় দিনেশ চান্দিমালকে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দল শ্রীলংকা। কিন্তু ২০০৯ সালে দ্বিতীয় স্থানে থাকা দলটির টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ের অবনমন হয়। ২০০৮ সালের পর থেকে বিদেশের মাটিতে কোন টেস্ট সিরিজ জয় করতে না পারা দলটি ২০১০ সালে মুত্তিয়া মুরলিধরনের অবসরের পর এ পর্যন্ত মাত্র চারটি টেস্টে জয়লাভ করেছে। ম্যাথুস বলেন, ‘এখন আমার লক্ষ্য হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে শ্রীলংকা দলকে শীর্ষ তিনের মধ্যে দেখা। টেস্ট র্যাংকিংয়ে আমাদের অবস্থান ষষ্ঠ এবং ওয়ানডেতে পঞ্চম। এটা খুব সহজ হবে না এবং এজন্য কিছুটা সময়ের প্রয়োজন। এ লক্ষ্য অর্জন করতে হলে আমি নিজে, চান্দিমাল ও দল নির্বাচকদের ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।’ ২০১২ সালের বিশ্বকাপের পর থেকেই শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করে আসছেন ম্যাথুস। কিন্তু সাবেক অধিনায়ক জয়সুরিয়ার নেতৃত্বাধীন নতুন নির্বাচক প্যানেল তার পরিবর্তে নেতৃত্ব দেয় চান্দিমালকে। টি-টোয়েন্টিতে চান্দিমাল বলার মতো কোন ঝলক দেখাতে পারেননি। তবে জয়সুরিয়া জানিয়েছেন, ম্যাথুসের উপর থেকে কিছুটা চাপ কমাতে এবং তরুণ নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে নির্বাচকরা অধিনায়কত্ব ভাগাভাগি করেছে। জয়সুরিয়া বলেন, ‘যেহেতু আমরা চেয়েছি টেস্ট ওয়ানডেতে সে বেশি মনোযোগ দিক। তাই টি-টোয়েন্টি অধিনায়কত্ব দিলে অ্যাঞ্জেলোর উপর অনেক বেশি চাপ পড়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘দিনেশ চান্দিমাল টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়ার সঠিক ব্যক্তি বলে আমরা মনে করেছি। যার ক্রিকেটে লম্বা ভবিষ্যত আছে। তাছাড়া ঘটনাক্রমে অ্যাঞ্জেলো কখনো ইনজুরিতে পড়লে সে শ্রীলংকা দলের নেতৃত্ব দিতে পারবে।’ অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলোর প্রথম এসাইনমেন্ট নিজ মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের জন্য ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচকরা। অতীতের রীতি ভঙ্গ করে নতুন অধিনায়কের জন্য তারুণ্য নির্ভর দল গঠন করা হয়েছে। তবে সিনিয়রদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা এবং তিলকরত্নে দিলশানের মত কিছু সদস্যও দলে পেয়েছেন ম্যাথুস। এরা সবাই শ্রীলংকা দলকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাথুস বলেন, ‘একটা দলে অভিজ্ঞ ও তরুণ উভয় প্রকার খেলোয়াড়ই থাকা প্রয়োজন। কারণ একটা ম্যাচে এগারজনই নতুন খেলোয়াড় মাঠে নামাতে পারবেন না। আমি মনে করি এ ভারসাম্যের বিষয়টা মাথায় রেখেই নির্বাচকরা দল নির্বাচন করেছেন এবং এটা করে তারা খুব ভাল কাজ করেছেন।’ বাদপড়া সিনিয়র খেলোয়াড়দের মধ্যে উল্লে¬খযোগ্য থিলান সামারাবীরা এবং প্রসন্ন জয়াবর্ধনে। এসব খেলোয়াড়দের কোথায় রাখা হবে- সে ব্যাপারে কোন প্রতিশ্রুতি দেননি জয়সুরিয়া। তবে নতুন মেধাবীদের সুযোগ দেয়ার প্রতিই নজর রয়েছে। প্রথম টেস্টের আগে ২০ থেকে নামিয়ে ১৫ সদস্যের দল গঠন করা হবে বলেও জানান তিনি, ‘আমাদের এখন নতুনদেরকে সুযোগ দেয়া শুরু করতে হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে এ সিরিজে এক অথবা দু’জন নতুন মুখ দলে নেয়ার ভাল একটা সুযোগ। কিথুরুবান বিথানাগে এবং এ্যাশেন সিলভার এর মত খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে ভাল রান পেয়ে আসছে এবং সমপ্রতি জীবন মেন্ডিজও ভাল রান করছে।’ মাতারা হ্যারিকেন খ্যাত জয়সুরিয়া বলেন, ‘আমরা শ্রীলংকা দলের পরিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে এ সকল তরুণ ক্রিকেটারদের সুযোগ নিশ্চিত করতে চাই এবং যেহেতু এটা হোম সিরিজ তাই ভাল সুযোগ প্রথম টেস্ট শুরু হওয়ার প্রায় ১০ দিন আগ পর্যন্ত তারা শ্রীলংকা দলের সঙ্গে কাজ করতে পারবে। তারপর আমরা ১৫ সদস্যের ঘোষণা করব।’ টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটেই বেশ ভাল ২৩ বছর বয়সী চান্দিমাল। কিন্তু ২০১২ সালের অধিকাংশ সময়েই সে কোন দলের নিয়মিত খেলোয়াড় হতে ব্যর্থ হয়েছে সে। বাড়তি দায়িত্বের কারণে তার নেতৃত্বগুণ আরো বাড়াতে সহায়তা করবে। নতুন দায়িত্ব তার উন্নতিতে সহায়ক হবে বলে জানান তিনি, ‘একটা ম্যাচে সব সময়ই চাপ থাকে। তবে অধিনায়কত্ব ব্যক্তিগতভাবে আমার জন্য বড় কিছু এবং অতীত পারফরমেন্সের একটা নিয়ামক।’ চান্দিমাল আরও বলেন, ‘স্কুল পর্যায়ে এবং অনূর্ধ্ব ১৯ দলে আমি নেতৃত্ব দিয়েছি। খেলোয়াড়ী জীবনে এত তাড়াতাড়ি অধিনায়ক হব আমি তা ভাবিনি। তবে এটা আমার গর্বেরও বিষয়।’ -বাসস