দুরন্ত রাজশাহী আর চিটাগং কিংস কার্যত একটা দ্বিধান্বিত অবস্থায় থেকে আজ মাঠে নামার কথা। সেমিফাইনাল জিতলেই ফাইনাল; এই তত্ত্বটা আজ অন্তত কাজে লাগবে না। আজকের প্রথম সেমিফাইনালে জিতলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটি পরীক্ষায় নামতে হবে। তবে সে পরীক্ষার ফল যাই হোক, আজ জিতে অন্তত ফাইনালের পথে থাকতে চাইবে দুই দলই।
আর ফাইনালের পথে থাকার এই লড়াইয়েই আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলতে নামবে রাজশাহী ও চট্টগ্রাম। দুই দলই আশাবাদী প্রথম সেমিফাইনালের এই বাধাটা টপকে নিজেদের দ্বিতীয় সেমিফাইনালে নিয়ে যেতে। বিশেষ করে দুরন্ত রাজশাহীর জহুরুল ইসলাম অমি এটাকে দেখছেন অপ্রত্যাশিত এক সুযোগ হিসাবে। প্রায় ছিটকেই গিয়েছিলেন তারা সেমিফাইনালের লড়াই থেকে। সেখানে এখন ফাইনালের স্বপ্ন দেখতে পারছেন। এই স্বপ্নটা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ নিতে চান তারা।
এবারের বিপিএলের ফরম্যাট করা হয়েছে আইপিএলের মতো। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ‘রেস টু ফাইনাল’ ম্যাচ খেলবে; জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। গতকাল ঠিক হয়ে গেছে সেই দুই দলের কারা ফাইনালে গেছেন। আর রেস টু ফাইনালে পরাজিত দল আগামীকাল খেলবে আজকের সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে।
চিটাগং কিংস আর দুরন্ত রাজশাহী দুই দলের কারোরই শুরুটা আজকের সেমিফাইনালে থাকার মতো ছিল না। চিটাগং কিংস প্রথম ৫ ম্যাচে মাত্র ১টি ম্যাচ জিতেছিল। আর রাজশাহী শুরু থেকে হাজারো জটিলতায় ছিল। তাদের অধিনায়ক বদল, খেলোয়াড়দের পাওনা নিয়ে বিতর্ক মিলিয়ে দলটি ভালো করতেই পারছিল না। শেষ পর্যন্ত রংপুর ও বরিশালের সমান পয়েন্ট নিয়ে বেশি জয়ের সুবাদে ফাইনালে এসেছে তারা।
একরকম ভাগ্যের জোরেই পাওয়া এই সুযোগকে তাই কিছুতেই হেলায় নষ্ট করতে চান না অমি। তিনি স্বপ্ন দেখছেন, দল সুযোগটা কাজে লাগিয়ে ফাইনালের পথ খুলে দেবে, ‘আসলে এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। এতটা আশা করিনি, কিন্তু শেষ পর্যন্ত সুযোগটা পেয়েছি। এটা কাজে লাগাতে চাই।
তবে চাইলেই সুযোগ কাজে লাগানো যায় না। কাগজে-কলমে অন্তত চিটাগং কিংস দারুণ ভারসাম্যপূর্ণ দল। ফলে তাদের বিপক্ষে জিততে গেলে নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে, সেটা রাজশাহীর খেলোয়াড়রা জানেন। আর অমি বলছেন, এজন্য তাদের বিশেষ পরিকল্পনাও আছে, ‘ওদের দল সম্পর্কে ভালো জানা আছে। তবে একটা পরিকল্পনা নিয়ে যদি খেলতে পারি, তাহলে সুযোগ থাকবে আমাদের।’
তবে শেষ পর্যন্ত ঘুরে ফিরে এই বিশেষ সেমিফাইনাল ব্যবস্থার কথা আলোচনায় আসছে। এর ফলে আজ জিতলেও সরাসরি ফাইনাল খেলতে পারবে না কোনো দল। এটা দলগুলোকে অনুপ্রাণিত হতে একটু বাধা দেবে বলে সন্দেহ হতে পারে। তবে অমির মতো করে ভাবলে সমস্যা নেই। তিনি এটাকে সেমিফাইনাল ভাবছেনই না। ভাবছেন আজ কোয়ার্টার ফাইনাল খেলবেন তারা, ‘আমরা আজকের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনাল নিয়ে খুব একটা ভাবছি না। আজকের ম্যাচটি আমাদের কাছে কোয়ার্টার ফাইনালের মতো। জিততে পারলে সেমিফাইনাল খেলতে পারব।’
আর এই কোয়ার্টার ফাইনাল জিতলে শিরোপা পর্যন্ত যাওয়াও যে কঠিন হবে না, তা জানেন জহুরুল, ‘টি-২০তে ছন্দ ধরে রাখাটাই আসল। হারিয়ে ফেলা ছন্দ আবার ফিরে পেয়েছি আমরা। এখন একটা জয় পেলেই চলবে। এ সুযোগটা আমরা আশা করিনি, তাই কিছু হারানোর ভয়ও নেই আমাদের।’
