ইস্টার্ন প্লাজায় দুটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
রাজধানীর ইস্টার্ন প্লাজার চতুর্থ তলায় দু’টি জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভেন্টিলেটর ভেঙে দোকানে ঢুকে ২০০ ভরির মত স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে গেছে। তবে ভল্ট ভাঙতে না পারায় ওতে রক্ষিত স্বর্ণালংকার চোরেরা নিতে পারেনি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কলাবাগান থানার ওসি এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে ববি ও নিপুণ নামে পাশাপাশি দু’টি জুয়েলার্সে চুরি হয়। ওই দু’টি দোকানের মালিক চুন্নু মিয়া ও মো. সেলিম পুলিশকে জানান, তাদের দোকান থেকে প্রায় দুইশ’ ভরি স্বর্ণ চুরি হয়েছে। কিছু টাকাও খোয়া যায়। চোররা দু’টি দোকানের ভল্ট ভাঙতে পারেনি। শুধু ডিসপ্লের জন্য শো-কেসে রাখা সোনার গহনাগুলো চুরি হয়। দোকানের গ্লাসে ছোট বাচ্চার পায়ের দাগ রয়েছে। ওসির ধারণা, ভেন্টিলেটর ভেঙ্গে ছোট বাচ্চা দোকানে ঢুকিয়ে গহনাগুলো নেয়া হয়েছে। চোর ওই ভবনের কেউ বলেই তিনি মনে করছেন। মার্কেটে পঞ্চাশজন নিজস্ব নিরাপত্তাকর্মী রয়েছে। এছাড়া আনসারও পাহারা দেয়। প্রতিদিন রাত ৯টায় নিরাপত্তারক্ষীরা মার্কেটের দায়িত্ব বুঝে নেয়। আর পরদিন সকাল ৯টায় মার্কেট খুলে দেয়। এর মধ্যে কোন মালিকও দোকানে যেতে চাইলে সুযোগ পান না। তাহলে চোরেরা মার্কেটের ভিতরে কিভাবে ঢুকবে? তিনি বলেন, এদের সম্পৃক্ততা ছাড়া এই চুরি কোনভাবেই সম্ভব নয়। নিরাপত্তার কাজে ইস্টার্ন প্লাজা কর্তৃপক্ষ পুলিশ নেন না। বাইরে থেকে পুলিশের পক্ষে ভিতরে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। তিনি বলেন, বায়তুল মোকাররমসহ অন্য অনেক মার্কেটেই পুলিশ নিরাপত্তার দায়িত্বে আছে। সেখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না।