রাশিয়ার মতো চীনের পার্টিও ধ্বংস হতে পারে :জিংপিং

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৪
আদর্শগত বিরোধ ও দুর্নীতির জেরে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মতো ধ্বংস হয়ে যেতে পারে চীনের পার্টিও। দায়িত্ব নেয়ার মাসখানেকের মধ্যে গুয়াংডং প্রদেশে দলীয় কর্মীদের এক সভায় এভাবেই অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিলেন চীনের কমিউনিস্ট পার্টির প্রধান জাই জিংপিং।—খবর পিটিআই’র ৭৪ বছর শাসনের পর ১৯৯১ সালে পতন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের। চীনের কমিউনিস্ট পার্টিও ৬৪ বছর ধরে দেশ শাসন করছে। টানা ক্ষমতায় থাকার কারণে পার্টিতেও ঘুণ ধরছে। বাসা বাঁধছে দুর্নীতি। আদর্শগত বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশ্ন উঠছে তাহলে কি সোভিয়েতের পথেই শেষ হবে চীনের লাল প্রাচীরও? চীনের নেতারা বহুদিন ধরেই বিষয়টি নিয়ে সতর্ক। শেষ পার্টি কংগ্রেসে বিদায়ী সম্পাদক হু জিনতাও স্বয়ং দুর্নীতি ও স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছিলেন। দুর্নীতি ঠেকাতে না পারলে, পার্টি তো বটেই দেশও ধ্বংস হবে বলে সতর্ক করেছিলেন তিনি। হু-এর চেয়ারে বসা জাই জিংপিংও একটু ভিন্ন আঙ্গিকে সেই একই বিষয়গুলো তুলে ধরেছেন।