একটি গ্রহাণুপিণ্ডের পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যাওয়া ও একইদিন রাশিয়ার মধ্যাঞ্চলে উল্কাপাতের ঘটনা দুটি পরস্পর সম্পর্কিত নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। একইদিন এ ধরনের দুটি ঘটনার সম্মিলনকে কাকতালীয় বলে উল্লেখ করে এটিকে বিরল ঘটনা হিসেবে দেখছেন তারা। শুক্রবার একটি ফুটবল মাঠের অর্ধেক আয়তনের একটি গ্রহাণুপিণ্ড পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যায়, একইদিন মহাকাশ থেকে অপর আরো অনেক ছোট একটি বস্তু রাশিয়ার মধ্যাঞ্চলে এসে পড়ে।
উল্কা বলে চিহ্নিত ওই ছোট বস্তুটি রাশিয়ার আকাশে ঢোকার সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি শহরের ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে ছিটকে অন্তত ১২শ’ লোক আহত হয়। গত বছর আবিষ্কৃত গ্রহাণুপিণ্ড ২০১২ডিএ১৪ শনিবার প্রথম প্রহরে (১টা ২৫ মিনিটে) পৃথিবীর মাত্র ২৭ হাজার ৭শ’ কিলোমিটার দূর দিয়ে চলে যায়। এসময় গ্রহাণুটি পৃথিবীকে ঘিরে থাকা টেলিভিশন ও আবহাওয়া স্যাটেলাইটগুলোর চেয়েও কাছে চলে আসে। একইদিনে ঘটে যাওয়া মহাশূন্য প্রপঞ্চ দুটি নিয়ে নাসার বিজ্ঞানী পল চোদাস বলেন, “একইদিন পৃথিবীর নিকট মহাশূন্যে থাকা দুটি বস্তুর পৃথিবীর কাছাকাছি ও পৃথিবীতে এসে পড়া বেশ বিরল ঘটনা।”
