আবারো পরমাণু পরীক্ষায় প্রস্তুত উত্তর কোরিয়া

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৫
উত্তর কোরিয়া এর মিত্র দেশ চীনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক আলোচনায় টেনে আনতে তারা এ বছর আরেকটি এমনকি আরো দুটি পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত। বেইজিং এবং পিয়ংইয়ং সরকারের উপর মহল সংশ্লিষ্ট এক সূত্র একথা জানিয়েছে। এ সমস্ত পরীক্ষার সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়া এ বছর আরেকটি রকেটও উেক্ষপণ করতে পারে বলে জানান তিনি। উত্তর কোরিয়া এ সপ্তাহে তৃতীয়বারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর আগে ২০০৬ ও ২০০৯ সালে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর পর জাতিসংঘ দেশটির এ ধরনের পরীক্ষা চালানো নিষিদ্ধ করে। কিন্তু গত মঙ্গলবার উত্তর কোরিয়া এ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ফের পরমাণু পরীক্ষা চালায়। এর পরপরই এর নিন্দা জানায় বিশ্ব সমপ্রদায়। আন্তর্জাতিক এ নিন্দা-সমালোচনার মধ্যেই উত্তর কোরিয়া জানিয়েছে, তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। খুব শিগগিরিই চতুর্থ এবং পঞ্চম পারমাণবিক পরীক্ষা চালানো হবে; আর তা খুব সম্ভবত এ বছরই। তৃতীয় পরমাণু পরীক্ষার চেয়ে ৪র্থ পরমাণু পরীক্ষাটি হবে আরো বড় এবং শক্তিশালী। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি বৈরিনীতি পরিহার করে পিয়ংইয়ং এর সঙ্গে কূটনৈতিক আলোচনায় না বসা পর্যন্ত এ ধরনের পরীক্ষা চালিয়ে যাওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট ওই সূত্র। চীন সীমান্ত থেকে ১শ কিলোমিটার দূরে পরমাণু অস্ত্র পরীক্ষাস্থল প্রস্তুত রাখার জন্য গত বছর পুরোটা সময় জুড়েই কাজ করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইটে তোলা ছবিতে তাদের এ কর্মকাণ্ড ধরা পড়েছে।