চলমান ব্রাজিল ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল। গতকাল শনিবার সাও পাওলোতে আর্জেন্টিনার কার্লোস বার্লোককে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারান নাদাল।
দীর্ঘদিনের ইনজুরি বিরতি শেষে কোর্টে ফেরার পরে প্রথম টুর্নামেন্টেই পৌঁছে যান ফাইনালে। সেখানে শিরোপা জিততে না পারলেও ব্রাজিলে ওপেনে সঠিক পথেই রয়েছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ বার্লোক কঠিন এক লড়াই উপহার দেন তাকে। ৩-৬ গেমে প্রথম সেটটি জিতে নিয়ে ম্যাচের শুরুতেই নাদালকে চাপে ফেলে দেন বার্লোক। তবে এরপরে ঠিকই ম্যাচে ফিরে আসেন এই স্প্যানিয়ার্ড। দারুণ খেলে জিতে নেন পরের দুটি সেট। সেমিতে তার প্রতিপক্ষ হবেন আরেক আর্জেন্টাইন মার্টিন অল্যান্ড। শেষ আটে অল্যান্ড ইটালির ফিলিপ্পো ভোলান্দ্রিকে পরাজিত করেন।
