দিদিয়ের দ্রগবা অভিষেক ম্যাচেই গোল পেলেন। তাতে সাবেক চেলসি খেলোয়াড়টির বর্তমান ঠিকানা তুরস্কের ক্লাব গালাতাসারায়ও পেল জয়। গত শুক্রবার তুরস্কের সুপার লিগে দ্রগবা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৬৮ মিনিটে গোলটি করেন দ্রগবা। এর সুবাদে গালাতাসারায় ২-১ গোলের ব্যবধানে হারায় আখিসারকে। উমুত বুলুতের বদলে ৬৩ মিনিটে মাঠে নামেন এবং পাঁচ মিনিটের মধ্যেই গোলের দেখা পান। জয়টির পর তুরস্কের প্রথম বিভাগে নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসিকটাসের চাইতে আট পয়েন্টে এগিয়ে থাকলো গালাতাসারায়।
আইভরি কোস্টের ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার ১৮ মাসের চুক্তিতে ক্লাবটিতে খেলতে এসেছেন। খেলার জন্য দ্রগবাকে দেয়া হবে এক কোটি ইউরো। সেই সাথে মাঠে নামা ম্যাচগুলোর প্রতিটিতে বোনাস হিসেবে পাবেন ১৫ হাজার ইউরো করে। চেলসি গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম নায়ক দ্রগবা মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে চীনের সাংহাই সিনহুয়াতে যান। সেখানে ১১ ম্যাচ খেলে করেন আট গোল। কিন্তু বেশিদিন থাকা হলো না চীনে। দ্রগবা চলতি মৌসুমেই চলে আসলেন তুরস্কে।
আফ্রিকান নেশন্স কাপে দলকে শিরোপা জয় করে এনে দিতে পারেননি। তবে তার সামনে সুযোগ একটি রয়েছে। গালাতাসারায়কে চ্যাম্পিয়ন্স লিগে ভাল কিছু এনে দিতে চেষ্টা করবেন তিনি। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির শালকের মোকাবেলা করবে দ্রগবার দল।
