ক্লাব বদলের সাথে সাথে বদলে গেছেন ইতালির তরুণ ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। এসি মিলানে এসে প্রতি ম্যাচেই গোল করে চলেছেন তিনি। ম্যানচেস্টার সিটিতে গোলখরায় ভুগছিলেন। সেই সাথে ছিল বিতর্ক। ফিরে আসলেন দেশের ক্লাবে। এরপর থেকে শুরু। সমালোচকদের জবাব দিয়ে যাচ্ছেন দুর্দান্তভাবে।
বর্তমানে ২২ বছর বয়সী এই খেলোয়াড় গত শুক্রবার সান সিরোতে ইতালিয়ান সিরিএ’র ম্যাচে পারমার বিপক্ষে দুর্দান্ত ও চোখ ধাঁধানো ডান পায়ের ফ্রি কিক থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন। মিলানের হয়ে এটি তার তিন ম্যাচে চতুর্থ গোল। মিলান ২-১ ব্যবধানে হারিয়ে দিলো পারমাকে। সেই সাথে মিলান পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থাকা ল্যািসওর সমান ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে অবস্থান করছে। ল্যািসও একটি ম্যাচ কমও খেলেছে অবশ্য। ইন্টারমিলান এক পয়েন্ট কম নিয়ে চারে অবস্থান করছে। সিরিএ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পয়েন্ট টেবিলের।
পারমার ডিফেন্ডার গ্যাবিয়েল পালেট্রা ৩৯ মিনিটে আত্মঘাতি গোল করেন। ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন বালোতেল্লি। পারমা সান্ত্বনাসূচক গোলটি করে অতিরিক্ত সময়ে নিকোলা স্যানসোনের কাছ থেকে। ফেরার আর সময় পায়নি পারমা। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিলান এখন দারুণ ফর্মে রয়েছে। টানা ছয় ম্যাচ তারা হারেনি। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। ম্যাচটি রয়েছে আগামী বুধবার। বার্সার বিপক্ষে মাঠে নামার আগে তারা বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
