আজ আর ভুল করতে চায় না সিলেট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০০
শেষ বলে জাভেদ মিয়াদ হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল এলটন চিগুম্বুরার সামনে। দলের জয়ের জন্য দরকার ছিল ৬ রান। ছক্কা মারার ইচ্ছেতেই তুলে মেরেছিলেন; কিন্তু ডিপ মিডউইকেটে স্টিভেন্স সে বল ধরে ফেলায় আর ‘মিয়াদাদ’ হওয়া হল না চিগুম্বুরার। সিলেট রয়্যালসও দেখল রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকার বিপক্ষে ৪ রানের পরাজয়। তবে এই পরাজয়ের শোকে ঢাকা পড়ে থাকার সময় সিলেটের হাতে নেই। আজই আবার দ্বিতীয় সেমিফাইনালে নামতে হবে তাদের। ঢাকার বিপক্ষে ‘রেস টু ফাইনাল’ জিতে সরাসরি ফাইনাল খেলার সুযোগ নষ্ট করেছে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ম অনুযায়ী এখন তারা ফাইনালে যাওয়ার আরেকটা সুযোগ পাচ্ছে আজ। আর সিলেটের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, ঢাকার বিপক্ষের ম্যাচ নয়; এখন তাদের চিন্তায় শুধু আজকের ম্যাচই। আজকের ম্যাচটাকে নতুন নিয়মের ফলে পাওয়া একটা আশীর্বাদ হিসেবেই দেখছেন সালাউদ্দিন, ‘এদিক থেকে এই ম্যাচটা তো আমাদের জন্য একটা বাড়তি পাওয়া। একটা সেমিফাইনালই খেলেছি আমরা। সেখানে দুর্ভাগ্যবশত খুব কাছে গিয়েও জিততে পারিনি। এখন আরেকটা সুযোগ পাচ্ছি ফাইনালে যাওয়ার। এই সুযোগ কাজে লাগাতেই হবে। এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।’ এই রিপোর্ট যখন লেখা হচ্ছে, তখনও পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে সিলেটের প্রতিপক্ষ কারা, সেটা ঠিক হয়নি। তারপরও সিলেট দল নিজেদের মানসিকভাবে অন্তত তৈরি করছে। সালাউদ্দিন বলছেন, শুক্রবারের ম্যাচ থেকে অনেক ইতিবাচক ব্যাপার পেয়েছেন তারা। সেই সঙ্গে কিছু শিক্ষাও পেয়েছেন। সেগুলো কাজে লাগিয়েই নিজেদের তৈরি করছেন তারা। ঢাকার বিপক্ষে ৪ রানের পরাজয়ে সিলেটের হতাশ হওয়ার কারণ ছিল। কিন্তু সালাউদ্দিন পরিষ্কার বলছেন, এই ম্যাচ বরং তাদের আরও আত্মবিশ্বাসী করেছে, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক ব্যাপার পেয়েছি। শেষ মুহূর্তে শটটা একটু অন্যরকম হলে ফল বদলে যেত। কিন্তু ম্যাচে আমরা ভালো যা করেছি, সেটা ভুললে চলবে না। প্রথমত আমাদের বোলাররা ভালো শুরু করেছে। শেষ দুই ওভার দারুণ বল করেছে। এরপর ব্যাটিংটা তো অসাধারণ হয়েছে। আমাদের ইনফর্ম দুই ওপেনার ভালো করেনি; তারপরও মুশফিক মিডল অর্ডারকে নিয়ে জয়ের কাছাকাছি চলে গেছে; এটা অনেক বড় ব্যাপার।’ তবে শুধু ইতিবাচক ব্যাপারই খুঁজে পাচ্ছেন তা নয়। এই ম্যাচে নিজেদের ভুলটা কি ছিল, তাও বুঝতে পারছেন। একটা ব্যাপারে নিশ্চিত হয়েছেন সালাউদ্দিন, তাদের এক বোলার আসলে কম ছিল, ‘আমরা বল হাতে ভালো শুরু করার পরও মাঝের ওভারগুলোতে ওরা অনেক রান করে ফেলেছে। একটা ব্যাপার ছিল, আমরা ভেবেছিলাম, গাজীকে (সোহাগ) দিয়ে আমরা ওদের টপ অর্ডারের কয়েকটি উইকেট তুলে নেব; ফলে শুরুতেই ওর সব ওভার বল করানো হয়ে গেছে। সে রান আটকে রাখলেও পরে আর ওর সার্ভিস পাওয়া যায়নি। আসলে একটা বোলার কম ছিল। এটা আজ দল করার সময় মাথায় রাখতে হবে।’ আজকের ম্যাচের কথা নিয়ে যতোই ভাবুন, ঘুরে ফিরে ঢাকার বিপক্ষের ম্যাচটা আলোচনায় চলে আসছে। সেটা জিতলে এই ম্যাচ নিয়ে আর ভাবাই লাগে না। দৃশ্যত সেই জয়টা কেড়ে নিয়ে গেছেন দানবীয় সেঞ্চুরি করা গেইল। কিন্তু সালাউদ্দিন বলছেন, তাদের হাত থেকে ম্যাচ ফসকে গেছে আসলে সাকিব আল হাসানের ক্যামিও ইনিংসে, ‘গেইল কিন্তু শুরুতে মোটেও মারতে পারছিল না। ওই সময়ই আমরা ম্যাচ গ্রিপে নিয়ে নিতে পারতাম। কিন্তু সাকিব মোমেন্টামটা ওদের হাতে নিয়ে গেছে। সেটাই কাজে লাগিয়েছে গেইল। ফলে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয় সাকিবের ইনিংসটা।’