সাইদ আজমলের দুর্দান্ত বোলিংয়ে কেপটাউন টেস্টে তৃতীয় দিনে গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৩২৬ রানে অলআউট করলেও আবারো বিপদে পড়েছে পাকিস্তান। কেননা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে সফরকারীরা সাত রানের দুই উইকেট খোয়ায়।
আজমল ৯৬ রানে ছয়টি উইকেট নিলেও স্বাগতিক দলের মূলত রবিন পিটারসেনের (৮৪) দারুণ ব্যাটিংয়ে বড় ব্যবধান গড়তে পারেনি পাকিস্তান। মিসবাহ উল হকের দল প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।
দক্ষিণ আফ্রিকা কাল আগের দিনের পাঁচ উইকেটে তোলা ১৩৯ রান খেলতে এলে আবারো আঘাত হানেন অফস্পিনার আজমল। দলীয় সংগ্রহে ২৩ রান যোগ করার পর ডিন এলগারকে ইউনিস খানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপরে ২১০ রানের মাথায় বিদায় নেন ভিলিয়ার্সও। তাকে আউট করেন অভিষেক ম্যাচ খেলতে নামা ইরফান খান। এই পেসার তিন উইকেট নেন।
