থাকলেন না গেইল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০০
এর চেয়ে সফল চুক্তি আর হয় না! এক ম্যাচের জন্য খেলতে এসেছিলেন। সেই এক ম্যাচেই বিপিএলের রেকর্ড পকেটে পুরে ফেলা এক সেঞ্চুরি করে ফেললেন। সেই সঙ্গে দলকে তুলে দিলেন সরাসরি ফাইনালে। এই ক্রিস গেইলকে ফাইনালে ঢাকা গ্লাডিয়েটর্স আশা করবে; তাতে আর অন্যায় কী! কিন্তু গেইল থাকতে পারলেন না। কোনো অঘটন না ঘটলে গতকাল রাতেই তিনি রওনা হয়ে গেছেন দেশের উদ্দেশ্যে। ঢাকা গ্লাডিয়েটর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেইলের সঙ্গে তাদের এক ম্যাচেরই চুক্তি হয়েছিল। কিন্তু তারা চেষ্টা করেছিলেন, অনুরোধ করেছিলেন গেইলকে ১৯ তারিখের ফাইনালটা খেলার জন্য। কিন্তু গেইল তার পিঠের ব্যাথায় কষ্ট পাচ্ছেন বলে আর থাকার ঝুকি নেননি। ওদিকে ক্লান্তিজনিত অসুস্থতায় ভোগা গেইলকে নিয়ে চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও। এ অবস্থায় আর গেইলকে আটকাতে পারেনি ঢাকা কতৃপক্ষ। গেইলের এই বিদায়ে ঢাকার ম্যানেজমেন্ট ও সমর্থকদের মন নিশ্চয়ই খারাপ থাকার কথা। কিন্তু গেইল নিজে এখান থেকে সর্বোচ্চ সুখস্মৃতি নিয়ে ফিরছেন। সেই বাংলাদেশ সফর থেকে শুরু করে দারুণ ফর্মহীনতায় সময় কাটছিল। অবশেষে নিজের ফর্মটা এই সেঞ্চুরি দিয়েই ফিরে পেলেন বলে মনে করছেন গেইল। ফলে বাংলাদেশের প্রতি তার বিশেষ কৃতজ্ঞই থাকার কথা, ‘গত বিপিএলটা পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে এই সেঞ্চুরি আমাকে ফর্মে ফেরাতে পারে। আশা করি, এটা আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারব’। ম্যাচের পরে সংবাদ সম্মেলনে নিজেই পরিষ্কার করে দিয়েছিলেন, ফাইনাল খেলা সম্ভব হবে না। তা নিয়ে খুব একটা আফসোসও নেই। দলকে ফাইনালে তুলে দিতে পেরেই খুশি ছিলেন। বিশেষ করে দল যখন বিপদে ছিল সেখান থেকে টেনে বের করে বড় স্কোর গড়ে দিয়েছেন। সেই পরিস্থিতিতে কিভাবে খেলেছেন, তাও বলেছেন সংবাদ সম্মেলনে, ‘এ পরিস্থিতিতে আমি মাথা ঠান্ডা রাখি। তবে আজ (গতকাল) ঠিক করেছিলাম, রান রেটটাও বাড়িয়ে নেব। চেষ্টা করেছি পোলাডের্র সঙ্গে ভালো একটা জুটি গড়ার।’ ঢাকার আফসোস, আরেকটা ম্যাচে গেইলের এই কাজটা পাবে না তারা।