এবার ‘শাহবাগ তুমি’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২১
শাহবাগের গণজোয়ার নিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন গান। দেশের জনপ্রিয় অনেক শিল্পী এরই মধ্যে এই নবজাগরণকে সামনে রেখে গান তৈরি করেছেন, গেয়েছেন। এবার একটি গান গাইলেন সুমন কল্যাণ। এর সুর ও সংগীত পরিচালনা তারই। গানটি লিখেছেন জনি হক। গীতিকার বলেন, ‘গানটির প্রথম চার লাইন হলো—‘শাহবাগ তুমি বাংলাদেশের হূদয়, শাহবাগ তুমি মনের অকুতোভয়, শাহবাগ তুমি অনেক ক্ষোভের আগুন, শাহবাগ তুমি আজ স্লোগানের উনুন।’ গত বুধবার সন্ধ্যায় বেইলি রোডের জিরো ডিবি স্টুুডিওতে গানটির রেকর্ডিং হয়। শাহবাগে গণজোয়ারে গত শুক্রবার সন্ধ্যায় এটি গেয়ে শোনান সুমন কল্যাণ। গায়ক বলেন, ‘দায়বদ্ধতা থেকেই কাজটি করেছি। শাহবাগ আন্দোলনে যারা অংশ নিচ্ছেন, তাদের অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যে আমাদের এই প্রয়াস। গানটি বিভিন্ন এফএম রেডিওতে প্রচার হবে শুক্রবার থেকে। এ ছাড়া টিভি চ্যানেলেও ফিলার সং হিসেবে প্রচার হতে পারে এটি।’ সুমন কল্যাণের প্রথম একক অ্যালবাম ‘নাগরিক আকাশ’ গত বছর স্বপ্নসিঁড়ির ব্যানারে প্রকাশ হয়। তিনি অনেক জনপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক। সম্প্রতি পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির একটি গানের সংগীত পরিচালনা করেন এই সংগীতশিল্পী।