যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ সার কারখানায় গতকাল শনিবার সকাল থেকে ইউরিয়া সার উত্পাদন বন্ধ রয়েছে। চলতি অর্থ বছরে এই নিয়ে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ১৯বার উত্পাদন বন্ধ হয়েছে। বার বার উত্পাদন বন্ধ হওয়ার কারণে চলতি অর্থ বছরে ইউরিয়া সার উত্পাদনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৫শ’ মেট্রিকটন ইউরিয়া সার উত্পাদন কম হচ্ছে। কারখানার কারিগরি বিভাগ সূত্র জানায়, এ্যামোনিয়া প্ল্যান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসর লিকেজ হয়ে গতকাল শনিবার সকাল ৮টায় উত্পাদন বন্ধ হয়।
একই ত্রুটির কারণে গত ২৮ ডিসেম্বর থেকে কারখানা প্রায় ১০দিন বন্ধ ছিল। কারখানা এভাবে বার বার বন্ধের কারণে চলতি অর্থ বছরে উত্পাদনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে। বিসিআইসি থেকে চলতি অর্থ বছরে উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ৩ লাখ ৩০ হাজার মেট্রিকটন। কারখানায় গত সাড়ে ৭ মাসে উত্পাদন হয়েছে এক লাখ ৬৬ হাজার মেট্রিকটন। বাকি সাড়ে ৪ মাসে ১ লাখ ৬৪ হাজার মেট্রিকটন ইউরিয়া সার উত্পাদন অনিশ্চিত হয়ে পড়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উত্পাদন) মো. জিন্নাত আলী জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের সিঙ্গেস কমপ্রেসারের প্রসেসরে ত্রুটির কারণে কারখানার উত্পাদন বন্ধ হয়েছে। পুনরায় চালু করতে ৫/৬ দিন সময় লাগতে পারে।
