ট্রেনে কুড়িয়ে পাওয়া শিশুর দায়িত্ব নিয়েছেন সেনা কর্মকর্তা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩০
২০১১ সালের ৯ সেপ্টেম্বর ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের নাদিরা বেগম (২৫) ট্রেনের মধ্যে কুড়িয়ে পান দুগ্ধপোষ্য জুনায়েতকে। টয়লেটে যাওয়ার কথা বলে তার কোলে শিশুটিকে রেখে পালিয়ে যায় বোরখা পরা এক মহিলা। সেই থেকে ঢাকায় গৃহপরিচারিকার চাকরি ছেড়ে শিশুটিকে পালন করে যাচ্ছেন পিতৃহীন নাদিরা। গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘নাদিরার অন্যরকম ভালোবাসা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় কয়েকজন পাঠক সেই নাদিরা ও শিশু জুনায়েতের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন সেনাবাহিনী কর্মকর্তা শিশুটির ব্যয় নির্বাহের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। তিনি আগামী ১৫ বছর শিশু জুনায়েতের খরচ দিতে চান বলে জানিয়েছেন। ঢাকার রাজারবাগ এলাকার আনসার ভিডিভি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, তিনি শিশুটির জন্য আর্থিক সহায়তা করতে চান। একই এলাকা থেকে শাহজাহান নামে অপর এক চাকরিজীবী তিনিও শিশুটির জন্য আর্থিক সহায়তায় আগ্রহ দেখান। অপরদিকে সিঙ্গাপুর থেকে জনৈক গোলাম রহমান শিশুটির ভবিষ্যতের জন্য আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন। নাদিরা বেগমের বাড়িতে গিয়ে অনুদানের বিষয়টি জানালে খুশিতে কেঁদে ফেলেন। তিনি মোবাইল ফোনে কয়েকজনের সাথে কথা বলে তাদের সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান।