জয়পুরহাটের কালাই উপজেলা সদরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রশিদ তালুকদার শুক্রবার ভোর সাড়ে ৬টায় নিজ বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। শয়নকক্ষে নিজ বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ওইদিন ভোরে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি বাসায় ফেরেন। পরে ভোর সাড়ে ৬টায় বন্দুকের গুলিতে তিনি মারা যান। তার গালের এক পাশে গুলি ঢুকে অপরপাশ দিয়ে বেরিয়ে যায়। তদন্তকালে পুলিশ তার ঘর থেকে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লিখা একটি চিরকুটও উদ্ধার করেন। যে লিখাটি নিহতের নিজ হাতের বলে তার স্বজনরা পুলিশকে নিশ্চিত করেছে। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে তার ব্যবহূত বন্দুকসহ বেশ কিছু আলামত জব্দ করে। নিহত আব্দুর রশিদ কালাই উপজেলার ওমর ট্রেডার্স, ওমর ফিলিং স্টেশন, ওমর গার্ডেন একাডেমি ও ওমর কিন্ডার গার্টেনের মালিক ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। এ পর্যন্ত সাতবার হজ্বব্রত পালন করেন। তার দুই স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রয়েছে। ধার্মিক হয়েও আত্মহত্যা করার বিষয়টি নিয়ে জনমনে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে।
