মুরাদনগরে দু’টি বাসে দুর্বৃত্তদের আগুন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩২
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসটার্মিনালে রাখা তিশা পরিবহনের দু’টি বাস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৮০ লাখ টাকা মূল্যের ওই দুটি বাস জ্বালিয়ে দেয়া হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কৈয়াপাথর গ্রামের হাজী ধনু মিয়ার পুত্র হাবিবুর রহমানের দু’টি বাস প্রতিদিনের মতো কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে রাখা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ওই দু’টি বাসে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দু’টি বাসের একটি সম্পূর্ণ ও অপরটি আংশিক পুড়ে ছাঁই হয়ে যায়। এ টার্মিনালে বিভিন্ন পরিবহনের প্রায় অর্ধশত বাস রয়েছে। বাস দু’টির মালিক হাবিবুর রহমান কান্নায় ভেঙ্গে পড়ে জানান, ‘এতগুলো বাসের মাঝে থাকা আমার দু’টি বাস আগুন দিয়ে জ্বালিয়ে আমাকে নিঃস্ব করে দেয়া হয়েছে, আমি এর বিচার চাই।’