জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, তরুণ ব্লগার রাজীবকে নৃশংসভাবে হত্যা করে জামায়াত-শিবির প্রমাণ করছে তারা গণহত্যাকারীদের পক্ষে। মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে খুনি ফ্যাসিস্ট অপশক্তি। তিনি অবিলম্ব্বে রাজীবের খুনিদের গ্রেফতার ও শাস্তি দেয়ার দাবি জানান। একই সাথে শাহবাগে শুরু হওয়া তরুণ প্রজন্মের গণজাগরণকে হত্যা-হামলার ভীতি উপেক্ষা করে, রাজীবের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে আরো বেগবান করার জন্য আহ্বান জানান। জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কাজী আরেফ আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। শনিবার কর্নেল তাহের মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার সারাদেশের দলীয় কার্যালয় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে কাজী আরেফ আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানান দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
