বইমেলায় শোকের ছায়া

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
গতকাল বাংলা একাডেমীর বইমেলায় লেগেছিল শোকের ছায়া। শুক্রবার রাতে জামায়াত-শিবিরের হাতে নৃশংসভাবে শহীদ হন শাহবাগের প্রজন্ম চত্বরের গণআন্দোলনের অন্যতম সংগঠক ব্ল¬গার আহমেদ রাজীব হায়দার। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তরুণদের সাথে একাত্মতা ঘোষণা করে শনিবার সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকাহত বই মেলার বিক্রেতারাও ছিলেন স্তব্ধ। বাংলা একাডেমীর আকাশে-বাতাসে শোক আর কষ্টের ছোঁয়া। তথ্যকেন্দ্রের সামনে আয়োজিত এই নীরবতা পালনের অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। তাদের সাথে সংহতি প্রকাশ করেন লেখক, প্রকাশক ও আগত পাঠকেরা। তারপরও নিয়ম মাফিক কিছু বই প্রকাশিত হয়েছে। উন্মোচন হয়েছে কিছু বইয়ের মোড়ক। ইত্যাদি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সৈয়দ শামসুল হকের ‘কেরানিও দৌড়ে ছিল’, সেলিনা হোসেনের ‘ভাষা মুক্তিযুদ্ধ সাহিত্য সংস্কৃতি’, সাম্প্রতিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে রফিকুল বাসার’এর সম্পাদিত ‘ভাষাভাবনা’, সাকি প্রকাশনী থেকে এসেছে জামাল উদ্দীন এর ‘আজ রাতে পার্টি হবে না’, উত্স প্রকাশনী থেকে এসেছে আইরীন নিয়াজী মান্না’র ‘হো চি মিন’, ইত্যাদি প্রকাশনী থেকে এসেছে আবু জাফর খান এর ‘জ্যোত্স্নাবাসর‘, গণহত্যা গণকবর ও যুদ্ধাহতদের ভাষ্য নিয়ে সালেক খোকনের লেখা ‘রক্তে রাঙা একাত্তর’, হাসান আজিজুল হক এর ‘চিন্তন কণা’ বইগুলো বেড়িয়েছে। এসব বইয়ের পাঠক চাহিদাও শীর্ষে রয়েছে। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, জামালপুর এবং বাংলা লোকভাষা ও আদিবাসীদের ভাষার সুলুক সন্ধান করার চেষ্টা করা হয়েছে ‘ভাষাভাবনা’ বইটিতে। মোড়ক উন্মোচন : নজরুল মঞ্চে ২০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জয়তী থেকে প্রকাশিত আলীম হায়দারের ‘রক ক্যাডেট’র মোড়ক উন্মোচন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, ঐতিহ্য থেকে প্রকাশিত ঢাকা মেডিক্যাল কলেজের নিবন্ধক (শিশু বিভাগ) ডা. আবু সাঈদ শিমুলের ‘শিশুর সুস্থতায় কী করবেন, কী করবেন না’ বইটির মোড়ক উন্মোচন করেন সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান। তিনি আরও দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন নালন্দা থেকে প্রকাশিত মেহেরুন নেছা রুমার উপন্যাস ‘সম্পর্ক’ ও জিনিয়াস পাবলিকেশন্স থেকে প্রকাশিত শাশ্বত স্বপনের গল্পের বই ‘ভাদ্র ভাসান’। মোহাম্মদ কামরুজ্জামান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, শ্রাবণী বিশ্বাস ও মিজানুর রহমান সম্মিলিতভাবে উন্মোচন করেন পারিজাত প্রকাশনীর কর্নেল (অব.) মোহাম্মদ ওয়ালী উলাহ’র ‘ক্রীড়া উন্নয়ন বাস্তবতা ও সম্ভাবনা’ বইটি। অধ্যাপক রফিকুল ইসলাম উন্মোচন করেন ইছামতী থেকে প্রকাশিত আবু হোসেন বিজয়ের ‘কেন আমি এই আমি’ বইটির। শহীদুল¬াহ ফরায়জী মোড়ক উন্মোচন করেন ইছামতী প্রকাশনী থেকে আহমেদ বাবুর গল্পগ্রন্থ ‘প্রত্যাবর্তন’। এ ছাড়াও আরো ১৫টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। গতকালের মেলামঞ্চ : মেলামঞ্চে ছিল ‘শহীদুল জহির : কোথায় পাব তারে’ শীর্ষক আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ পাঠ করেন প্রশান্ত মৃধা। মনজুরে মওলার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আনিসুল হক, সাদ কামালী ও শাহ্নাজ মুন্নী। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আহকামউল¬াহ, বেলায়েত হোসেন এবং নিমাই মণ্ডল। আতিকুর রহমান উজ্জ্বলের পরিচালনায় নৃত্য সংগঠন ‘ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র’, আনোয়ার হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আরশিনগর বাউল সংঘ’ এবং লিয়াকত আলীর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘পথিকৃত্ ফাউন্ডেশন’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর আগে সকালে শিশু-কিশোরদের সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন। আজ কবীর চৌধুরী স্মরণে আলোকচিত্র প্রদর্শনী : প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর আজ রবিবার ৯১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমী কর্তৃপক্ষ তাদের সাবেক সভাপতির স্মরণে আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনীর। আলোকচিত্রশিল্পী এম এ তাহেরের তোলা আলোকচিত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একাডেমীর নতুন ভবনের নিচতলায় মেলার শেষ দিন অর্থাত্ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ প্রদর্শনী।