আজ ডিএসই’র বাংলা ওয়েবসাইট উদ্বোধন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৪
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাংলা ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দুপুর ১২টায় ডিএসই’র প্রেসিডেন্ট রকিবুর রহমান ওয়েবসাইটটির উদ্বোধন করবেন। এতে করে ডিএসই সম্পর্কিত তথ্য ও তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির তথ্যগুলো বিনিয়োগকারীরা বাংলায় পড়তে পারবেন। তবে বাংলার পাশাপাশি ইংরেজি ওয়েবসাইটটিও চালু থাকবে। ডিএসই সূত্র জানায়, আগামী একুশে ফেব্রুয়ারির দিন ওয়েবসাইটটি চালু করার কথা থাকলেও পরবর্তীতে আজই উদ্বোধন করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে বাংলা ওয়েবসাইট চালু করা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উত্সাহ-উদ্দীপনা দেখা গেছে। বিনিয়োগকারীরা বলছেন, অনেক সময় ভাষাগত কারণে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য বুঝতে কিছুটা দেরি হয়। ইংরেজির পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু হওয়ায় তথ্য বুঝতে সুবিধা হবে। ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই’র ওয়েবসাইটেই ইংরেজির পাশাপাশি বাংলা একটি অপশন থাকবে। যেখানে থেকে পাওয়া যাবে বাংলা ওয়েবসাইট। তাই বিনিয়োগকারীরা সহজেই বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। ডিএসই’র কর্মকর্তারা বলছেন, ডিএসইতে বাংলায় ওয়েবসাইট চালু একটি ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে ডিএসই সম্পর্কিত বিভিন্ন তথ্য, তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিস্তারিত তথ্য বিনিয়োগকারীরা বাংলায় পড়তে পারবেন। এতে করে বিনিয়োগকারীরা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে আরো বেশি জ্ঞানলাভ করতে পারবেন।