এফএ কাপ থেকে ছিটকে গেল আর্সেনালও

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৫
লিভারপুল, চেলসির পথ ধরে এবার এফএ কাপ থেকে আগে-ভাগে ছিটকে গেল আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। যদিও আর্সেনাল চলতি মৌসুমে অনেকটাই খর্বশক্তির দল। তারপরও ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে হেরে যাওয়াটা একটু অস্বাভাবিক বৈকী! সেই অস্বাভাবিক ঘটনাই ঘটল। কলিন কাজিম রিচার্ডসের গোলে শনিবার এমিরেটস স্টেডিয়ামে এফএ কাপের পঞ্চম রাউন্ডে ব্লাকবার্ন রোভার্স ১-০ ব্যবধানে হারিয়ে দেয় আর্সেনালকে। আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের আশা শেষ হয়েছে আগেই। লিগ কাপ থেকেও তাদের বিদায় ঘটেছে। এবার এফএ কাপেও শিরোপার কাছে যাওয়া হলো না তাদের। আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের এখন একটিই লক্ষ্য হতে পারে আর সেটা চ্যাম্পিয়ন্স লিগ। ব্লাকবার্নের কাছে এমন হারের পর তিনি দলকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এই ম্যাচে পরাজয়ের পরই তাই দ্রুত নিজেদের সামলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর আহবান জানালেন খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠেই লড়তে আসছে জার্মানির বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ দল এবং গত মৌসুমের রানার্সআপ বায়ার্ন মিউনিখ। দীর্ঘ আট বছর বড় কোন শিরোপার মুখ দেখেনি আর্সেনাল। এবার প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারা ২১ পয়েন্ট পেছনে। তবে চ্যাম্পিয়ন্স লিগ বা হারিয়ে ফেলা প্রিমিয়ার লিগ নয়; আর্সেনালের জন্য বাস্তবতা হল কাজিম নামে ব্ল্যাকবার্নের স্ট্রাইকার এফএ কাপ থেকে ছিটকে দিয়েছেন তাদের। ছেলেবেলায় কলিন কাজিম আর্সেনালের ভক্ত ছিলেন। আর সেই আর্সেনালের বিপক্ষে শনিবার দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করলেন তিনি। দ্বিতীয়স্তরের দল ব্লাকবার্ন এফএ কাপের কোয়ার্টার ফাইনালেও চলে গেল। আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার এখন ডাক দিচ্ছেন এই হতাশা ভুলে দলকে উঠে দাঁড়ানোর, ‘আমাদের যে বৈশিষ্ট্য তা দেখিয়ে দেয়ার ভাল সুযোগ এসেছে। আমরা এমন মানুষ যারা এক সঙ্গে লড়ব পরবর্তী ম্যাচে। সবশেষে আমরা করে দেখাতে পারি। আমরা দেখাবো পরবর্তী ম্যাচ কতটা শক্তিশালী এবং ভাল। নিজেদের নিয়ে যদি দুঃখিত থাকি, তাহলে সম্পূর্ণ ভুল করব আমরা। মঙ্গলবার রাতে আমাদের বড় ম্যাচ। আমাদের কিছু করে দেখাতে হবে।’ এদিকে মিলওয়াল ও বার্নসলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তবে ওল্ডহ্যাম অ্যাথলেটিক ও এভারটনের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি ম্যাচ হবে ২৭ ফেব্রুয়ারি।