টোট্টির গোলে রোমার জয়

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৬
ফ্রান্সেসকো টোট্টির গোলে ভর করে গত শনিবার এএস রোমা ১-০ ব্যবধানে হারায় সিরিএ’র শীর্ষ পয়েন্টধারী দল এবং বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাসকে। রোমার স্ট্রাইকার টোট্টি অলিম্পিক স্টেডিয়ামের মাঠে অনেক দূর থেকে বিস্ময়কর গোলটি করেন। এই হারেও অবশ্য শীর্ষস্থান হারাচ্ছে না জুভেন্তাস। ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয়স্থানে থাকা নাপোলি থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে চ্যাম্পিয়নরা। অবশ্য নাপোলি এক ম্যাচ কম খেলেছে। রোমার অধিনায়ক টোট্টির এটি ২২৪তম সিরিএ গোল। আর এক গোল দূরে তিনি গানার নরদাহাল থেকে। গানার সিরিএ তে সর্বকালের দ্বিতীয় সর্বাধিক গোলদাতা। সিরিএ তে চলতি বছরে রোমার প্রথম জয় এটি। আর এই জয়ে তারা ২৫ খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে সাতে উঠে আসল। সিরিএ তে তারা টানা ছয় ম্যাচ জয় পায়নি। অন্যদিকে জুভেন্তাসের ম্যানেজার অ্যান্তোনিও কন্তে এমন হতাশাজনক পারফরমেন্সের কারণ হিসাবে ব্যস্ত সূচিকে দায়ী করেছেন।