গঙ্গাচড়ায় আলু ক্ষেতে পচন রোগ : কৃষকের ব্যাপক ক্ষতি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
অজ্ঞাত পচন রোগে রংপুরের গঙ্গাচড়ায় আলু চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। আলু গাছের পাতা পুড়ে নষ্ট হয়ে গেছে ক্ষেত। ময়নাকুটি এগ্রো লিমিটেড-এর অধীন সদ্য নির্মিত কোল্ড স্টোরেজের উত্তর পার্শ্বে দেয়াল সংলগ্ন ঐ এলাকার সাবান মিয়া ও রবিউল ইসলামের আলু ক্ষেত। এর মধ্যে সাবান মিয়ার এক একর ও রবিউল ইসলামের ৫০ শতক জমির রোপণকৃত আলু গাছের পাতা পুড়ে গেছে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে অনেকে ক্ষেত দেখার জন্য আসছেন। হঠাত্ করে আলু ক্ষেত পুড়ে যাওয়ায় হতভম্ব হয়েছে চাষিরা। কৃষক সাবান মিয়া বলেন, তিনি বরাবরই আলুতে বায়ার কোম্পানির ছত্রাকনাশক স্প্রে করেছেন। আর রবিউল বলেন, তিনি এগ্রি কোম্পানির গোল্ডেন এম জাতীয় ছত্রাকনাশক স্প্রে করেছেন। অন্য জমিতেও তিনি একই ছত্রাকনাশক স্প্রে করেছেন। সেসব জমিতে কোন সমস্যা নেই। দু’জন কৃষকই আশংকা করছেন কোল্ড স্টোরেজের থেকেই এমনটি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের প্রশিক্ষণ কর্মকর্তা আলী আজম আক্রান্ত ক্ষেত পরিদর্শন করেছেন। তিনি বলেন, আলু ক্ষেত ব্লাইট নামের এক ধরনের পচন রোগ দ্বারা আক্রান্ত হওয়ার কারণে পাতাগুলো ঝলসে গেছে।