সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ফলে স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগী ও তার লোকজন নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। জানা যায়, ১৯৯৬ সালে বেলকা বাজারে ২৪ শতক জমিতে স্বাস্থ্য কেন্দ্রটির দ্বিতল ভবন নির্মিত হয়। একজন উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, একজন ফার্মাসিষ্ট ও পরিবার পরিকল্পনা বিভাগের দু’জন কর্মকর্তা এখানে কর্মরত। বহিঃবিভাগে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ রোগীর প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। কিন্তু সীমানাপ্রাচীর না থাকায় স্বাস্থ্য কেন্দ্রের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গাইবান্ধা-বেলকা-সুন্দরগঞ্জ সড়ক সংলগ্ন বেলকা বাজারে স্বাস্থ্য কেন্দ্রটির ভবন ঘেঁষে পশ্চিমে পাঁচ শতক জায়গা দখল করে সেখানে সারিবদ্ধভাবে ছয়টি দোকানঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দু’টি টিনসেড ও চারটি পাকাঘর। পাকাঘরগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান সরকার বলেন, প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ সঠিক নয়। তিনি দাবি করেন, দোকানঘরের জায়গা বাদ রেখে ওই স্বাস্থ্যকেন্দ্রের জন্য আমিই জায়গা দান করেছি।
