লালমোহনে ৩০২টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার ৬১ ও স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও লালমোহন উপজেলার ৩০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ৩০২টি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদের স্মরণে কোন শহীদ মিনার নেই। এতে করে পল্ল¬ী অঞ্চলের কোমলমতি শিশু ও তরুণ ছাত্র-ছাত্রীরা ৫২‘র ভাষা আন্দোলন ও ৭১‘র মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, লালমোহন উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩০৯টি। তন্মধ্যে কলেজ ৭টি, মাধ্যমিক বিদ্যালয় ২৩টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২৩টি, মাদ্রাসা মোট ৫৩টি, প্রাথমিক বিদ্যালয় মোট ২০৩টি রয়েছে। এর মধ্যে লালমোহন পৌর এলাকার বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডাওরীর হাট মাধ্যমিক বিদ্যালয়, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়, হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, মঙ্গল সিকদার বাজার সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়, রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ৭টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি এলে অনেক এলাকায় সচেতন মহলের উদ্যোগে বাঁশ ও কলা গাছের শহীদ মিনার, কাঠ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শিশু ও তরুণ ছাত্র-ছাত্রীরা শহীদ দিবস পালন করেন। এব্যাপারে লালমোহন উপজেলার শিক্ষক সমিতির সভাপতি আফসার উদ্দিন জানান, আমরা গত বছরের ২১শে জানুয়ারি উপজেলা শিক্ষক সম্মেলনে এমপি মহোদয়ের কাছে শহীদ মিনার সম্পর্কে দাবি করেছিলাম। তিনি আমাদেরকে ২১শে ফেব্রুয়ারির আগেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে আশ্বাস দিয়েছেন। তা এখনো নির্মাণ করা হয়নি।