নবাবগঞ্জে চাকরির প্রলোভনে দুই জনকে ভারত পাচার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
বেশি বেতনে ভালো কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় দালালেরা মরিয়ম বেগম (২২) ও সাদ্দাম হোসেন (১৬) নামের এক শিশুকে ভারতে পাচার করেছে বলে অভিযোগ করেছেন তাদের পরিবার। এ নিয়ে এলাকায় আতঙ্ক ও উত্কণ্ঠা বিরাজ করছে। মরিয়ম বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪নং পুটিমারা ইউনিয়নের সরাইপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে এবং শিশু সাদ্দাম হোসেন হাকিমপুর উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে। পাচার হয়ে যাওয়া শিশু সাদ্দাম হোসেনের মা ফেরদৌসী বেগম বলেন, খট্টা গ্রামের রিপনের স্ত্রী সখিনা বেগম তার সন্তানকে হিলিতে ওয়েল্ডিং কারখানায় পাঁচ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। সমপ্রতি সাদ্দাম ফোনে জানায়, দালালদের খপ্পরে পড়ে তার মতো অনেক বাংলাদেশি সেখানে কাজ করলেও তাদেরকে কোন মজুরি দেয়া হয় না। বর্তমানে সাদ্দামের সঙ্গে তাদের কোন যোগাযোগ হয়নি। মরিয়ম বেগমের পিতা মজিবর রহমান বলেন, প্রতিবেশি মোজামের স্ত্রী নূরাছাপা বেগম (২৫) তার মেয়েকে ভারতে পাচার করে দিয়েছে। নূরছাপাকে তারা মরিয়মকে ফিরিয়ে আনতে বললে সে বিভিন্ন টালবাহানা করছে। মরিয়ম বেগমের দেড় বছরের পুত্র মোর্শেদ সব সময় তার মাকে খোঁজ করছে। এনিয়ে তারা বিপাকে পড়েছেন। নূরছাপা ও সখিনা বেগম জানান, তাদের যেখানে পাঠানো হয়েছিল তারা সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেছে। তাই তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।