লোকবলের অভাবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ডাকঘরের কার্যক্রম দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে সেবা গ্রহিতারা দুর্ভোগের সন্মুখীন হচ্ছেন। জানা যায়, মধুপুর উপজেলা ডাকঘরে পদায়ন করা লোকবল ৮ জন। কর্মরত রয়েছেন ৩ জন। একজন পোস্টমাস্টার, একজন অফিস সহকারি ও একজন ডাকপিয়ন নিয়ে অফিসটি খুঁড়িয়ে চলছে। এ উপজেলা ডাকঘরের মাধ্যমে ১৩টি শাখা ডাকঘরের কার্যক্রম চলে। জরুরী চিঠিপত্র ও পার্সেল ছাড়াও এসএসসি, এইচএসসি, দাখিল, আলীম, ফাজিল, ডিগ্রী ও অনার্স পরীক্ষার কেন্দ্রের খাতা খাতাপত্র এ ডাকঘরের মাধ্যমেই পাঠানো হয়। মোবাইলে মানি ট্রান্সফার এবং ৬ ধরনের সঞ্চয় প্রকল্প ও ডাকবীমা চালু করায় লোকজনের ভিড় লেগেই থাকে। একমাত্র ডাকপিয়ন চিঠিপত্র ও পার্সেল বিলি করতে বাইরে গেলে মাত্র দু’জন স্টাফকে লোকজন সামলাতে গলদগর্ম হয়ে উঠতে হয়। উপজেলা পোস্টমাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্টাফ সংকটের জন্য সকাল ৯টা থেকে রাত অবধি তাদের কাজ করতে হয়।
