কুলাউড়ায় চা শ্রমিকের মেয়ে এক বছর নিখোঁজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের এক শ্রমিকের মেয়েকে ঢাকায় ব্যবস্থাপকের বাড়িতে পাঠানোর পর এক বছর যাবত্ নিখোঁজ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চা বাগান পঞ্চায়েতের কতিপয় নেতা ব্যবস্থাপকের কাছ থেকে আর্থিক সুবিধা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। শ্রমিকরা জানান, বাগানের বাউরি টিলার সুবল বাউরির কিশোরী মেয়ে আশা বাউরিকে (১৮) এক বছর আগে বাগান ব্যবস্থাপকের ঢাকার বাড়িতে কাজের জন্য পাঠান হয়। সেখানে পাঠানোর ৬ মাস পর মেয়েটি নিখোঁজের ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজ মেয়েটির বাবা নেই, মাও প্রতিবন্ধী। নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা বলেন, নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত সভাপতি ব্যবস্থাপকের কাছ থেকে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা আদায় করে নিচ্ছেন। পঞ্চায়েত সভাপতি সাধন বাউরি বলেন, পূজাসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাপক বাগানের ফান্ড থেকে সহায়তা করে থাকেন। কোন সুবিধা নেয়ার প্রশ্নই আসে না। বাগান ব্যবস্থাপক ইফতেখার এনাম এ প্রসঙ্গে বলেন, মেয়েটিকে ঢাকার বাড়িতে পাঠানোর কয়েক মাস পর নিখোঁজ হলে তিনি স্থানীয় থানায় জিডি করেন এবং বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তিও দেন ।