‘পরিবর্তন হচ্ছে জলবায়ু ক্ষতি হচ্ছে কৃষির-বাঁচতে হলে লড়তে হবে লড়াই দিবানিশি’ এ শ্লোগান নিয়ে কৃষি সম্প্রসারণের উদ্যোগে শনিবার ময়মনসিংহে আউশ ধানের আবাদ ও উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা গ্রহণের জন্য কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি সংশ্লিষ্ট সকলকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্য চাহিদা ও ঘাটতি পূরণে সকলে মিলে-মিশে কাজ করতে হবে। কেননা একদিকে আবাদী জমির পরিমাণ কমছে, অন্যদিকে খাদ্য চাহিদা বাড়বে। কাজেই বোর ফসলের ন্যায় আগামী আউশ মৌসুমে আউশ ধানের পরিচর্যা বৃদ্ধি করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপ-পরিচালক কৃষিবিদ নারায়ণ চন্দ্র বসাক, উপ-পরিচালক কৃষিবিদ মাতহুরুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সমির কুমার সরকার, কৃষিবিদ আসাদুল্লাহ, কৃষিবিদ ড, জে সি পন্ডিত প্রমুখ বক্তব্য রাখেন।
