নেত্রকোনায় দুই শিক্ষিকা দুই বছর বেতন পাচ্ছেন না

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
আটপাড়া উপজেলার কান্দিপাড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদালয়ের ২জন মহিলা শিক্ষক বিধি মোতাবেক নিয়োগ পাবার পরও গত ২ বছর যাবত্ বেতন না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর আজিজুর রহমান জানান, ২০১০ সালে শিক্ষক নিয়োগের বিধি মোতাবেক জেসমিন আক্তার এবং নাসিমা আক্তারকে কমিটি নিয়োগ প্রদান করেন। তারা যথাযথভাবে গত দুই বছর যাবত্ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। কিন্ত হঠাত্ করে গত বছরের মাঝামাঝি সময়ে একই পদে নিয়োগের জন্য আরো ২ জন শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে কমিটির সভাপতির নিকট পাঠানো হলে তাদের নিয়োগ দেয়া হয়নি। এই দুই শিক্ষক পরে আর বিদ্যালয়ে আসেননি। কিন্তু যে দুই মহিলা শিক্ষককে বিধিমোতাবেক নিয়োগ দেয়া হয়, তারা অজ্ঞাত কারণে অদ্যাবধি বেতন পাচ্ছেন না। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বার বার যোগাযোগ করেও কোন ফল পাচ্ছেন না বলে সভাপতি জানান। গত শুক্রবার এই দুই শিক্ষক নেত্রকোনা প্রেসক্লাবে তাদের মানবেতর জীবন-যাপনের চিত্র সাংবাদিকদের নিকট তুলে ধরে অবিলম্বে তাদের বেতন পাবার প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, নিয়োগের জটিলতার কারণে তাদের বেতন হচ্ছে না।