নালিতাবাড়ীতে বালি উত্তোলন শব্দে পাঠদান ব্যাহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহরতলী শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’পাশে তিনটি মেশিন বসিয়ে বালি উত্তোলন করায় মেশিনের শব্দে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন সংশ্লি¬ষ্টরা। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে পাহাড়ি ‘দুরন্ত ভোগাই নদী’। এই নদী থেকে তিনটি সেলোমেশিন দিয়ে দীর্ঘদিন যাবত্ বালি উত্তোলন করায় মেশিনের শব্দে ২৮০ জন শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগম জানান, শব্দের জন্য ক্লাস নিতে খুব সমস্যা হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম হেলাল জানান, মেশিন সরানোর কথা মৌখিকভাবে অনেক বলেছি কাজ হয়নি। পরে উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা অফিসারকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। বালি উত্তোলনকারী মফিজ উদ্দিন তালুকদার বলেন, পাঠদানে সমস্যা হচ্ছে এমন অভিযোগ আমাকে কেউ করেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিদ উদ্দিন বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক আমার কাছে এসেছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।