উদ্বোধনের অপেক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সর্বপ্রথম তিন দিনব্যাপী একুশে বই মেলা। মেলা উপলক্ষে পুরো গৌরনদীতে ব্যাপক উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি সকাল এগারোটায় মেলার শুভ উদ্বোধন করা হবে।
মাহিলাড়া ডিগ্রি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন ও একুশে বই মেলা উদ্যাপন কমিটির আহবায়ক এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, দীর্ঘ ২৬ বছর পর কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার-এর শুভ উদ্বোধন ও যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি উদ্যাপন উপলক্ষে এই প্রথমবারের ন্যায় তিন দিনব্যাপী একুশে বই মেলার আয়োজন করা হয়েছে। একুশে বই মেলার উদ্বোধন করবেন, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অনুষ্ঠানের মাহিলাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান।
