ব্রেন্ডন ম্যাককালামের অধিনায়োকচিত ইনিংস ও মার্টিন গাপটিলের দায়িত্বশীলতার সুবাদে হ্যামিলটনের সেডন পার্কে অনুষ্ঠিত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ড তিন উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করেছে। এর আগে ওপেনার মার্টিন গাপটিল আহত হয়ে মাঠের বাইরে যাওয়ার পর পুনরায় মাঠে ফিরে আসেন।
টস জয়ী নিউজিল্যান্ড সফরকারী ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালে নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই ২৫৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ম্যাককালাম শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত থেকে ৪৮.৫ ওভারে ৭ উইকেটে ২৫৯ রানে পৌঁছে যায়। ওপেনার গাপটিল মাত্র তিন রান করার পরই বাম হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ক্ষণিকের জন্য মাঠ ছাড়েন। ৭ ইউকেটে ২১৮ রান করার পর পুনরায় মাঠে ফেরা গাপটিল শেষ পর্যন্ত ২৭ রানে অপরাজিত থাকেন।
ইনিংসের ৩৪তম ওভারে ১৪২ রানে তিন উইকেট হারানোর পর কিন উইলিয়ামসন রান আউটের শিকার হলে ৩১ বছর বয়সী ম্যাককালামের ম্যাচ জয়ী ইনিংস খেলা অপরিহার্য হয়ে পড়ে।
উইলিয়ামসন ৭৪ রান করে রান আউটের শিকার হন এবং ম্যাককালাম ব্যাটিং পাওয়ার প্লে¬ কাজে লাগিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দেন।
এ ম্যাচে নিউজিল্যান্ড দলের নির্ভরতার প্রতীক উইলিয়ামসন চারদিকে বাউন্ডারির ফুলঝুরি হাঁকানোর সময় ম্যাককালামের সাথে ভুল বোঝাবুঝির কারণেই রান আউটের শিকার হন। উইলিয়ামসনের ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে এক সময় হারের শংকায় পেয়ে বসে নিউজিল্যান্ডকে। তবে ম্যাককালাম নিজেই দেখে শুনে ইনিংস মেরামতের দায়িত্ব নেয়ার পর গাপটিল পুনরায় ফিরে এসে ম্যাচ জয় করেই মাঠ ছাড়েন। ফলে স্বাগতিকরা ১-০ ম্যাচে এগিয়ে গেল।
এর আগে ইয়ান বেল (৬৪), জনাথন ট্রট (৬৮) এবং জো রুটের (৫৬) তিনটা কার্যকর ইনিংস খেলে ইংল্যান্ডকে বড় রান সংগ্রহের ভিত্তি গড়ে দেয়। তথাপি শেষ ওভারে প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে না পারা এবং ছোট মাঠ কাজে লাগাতে ব্যর্থ হলে স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায়।
ইনিংসের ৩৯তম ওভারে ট্রট আউট হওয়ার সময় সফরকারীদের সংগ্রহ ছিল ১৮৪-৩। তবে এরপরই নাটকীয়ভাবে ছয় ওভারে ৩৮ রানেই ৬ উইকেট হারায় ইংলিশরা। ইংলিশদের পক্ষে সফল বোলার মিশেল ম্যাকক্লেনাঘান ৯.৪ ওভার বোলিং করে ৫৬ রানে ৪ উইকেট শিকার করেন।
তবে ইংলিশদের জন্য দুঃসংবাদ ম্যাকক্লেনাঘানের ইনজুরি। সাইড স্ট্রেইনের কারণে সিরিজের বাকি ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে।
স্বাগতিক দলের সফল বোলার জেমস ফ্রাংকলিন ৩৮ রানে নেন ৩ উইকেট।
—বাসস
