বাংলাদেশের দিল্লি অভিযান শুরু আজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
বাংলাদেশ দল আজ রবিবার শক্তিশালী আয়ারল্যান্ডের মোকাবেলার মধ্য দিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের অভিযান শুরু করছে। দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে খেলাটি। আয়ারল্যান্ড বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। শুধু বাংলাদেশই নয়, দ্বিতীয় রাউন্ডে ছয় দেশের মধ্যে র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড (১৫)। বাংলাদেশের অবস্থান ৪০। বাংলাদেশের আরেক শক্তিশালী প্রতিপক্ষ চীন। তাদের অবস্থান ১৮ নম্বরে। চীনের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হবে বুধবার। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। র্যাংকিংয়ে তারা আছে ৩৬ নম্বরে। বাংলাদেশ এই ম্যাচটা জেতার স্বপ্ন দেখছে। ওমানের বিরুদ্ধে ম্যাচ জয়ের অভিজ্ঞতা রয়েছে কোচ মাহবুব হারুনের প্রশিক্ষণে থাকা বাংলাদেশ দলের। ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশের তৃতীয় ম্যাচ ফিজির বিরুদ্ধে। র্যাংকিংয়ে ফিজির অবস্থান ৭০। ফিজির বিরুদ্ধে বাংলাদেশ ম্যাচ জয়ের আশা করছেন জিমি, জাহিদরা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে গ্রুপের আরেক শক্তিশালী দল স্বাগতিক ভারতের বিরুদ্ধে। র্যাংকিংয়ে এ গ্রুপে সবার উপরে আছে ভারত (১১)। দ্বিতীয় রাউন্ড থেকে দুটি দল তৃতীয় রাউন্ডে উঠবে। গতকাল বিকালে দিল্লিতে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও সেটা হয়নি বলে জানা গেছে।