সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের আহ্বান ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যাঁ ইভস লা দ্রিয়াঁ শনিবার সিরিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য আশু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। দ্রিয়াঁ সংযুক্ত আরব আমিরাতে একটি নিরাপত্তা ফোরামে বলেন, ‘সিরিয়ার জনগণ ইতিমধ্যেই বিরাট মূল্য দিয়েছে। তাই এই মুহূর্তে রাজনৈতিক পালাবদলের পক্ষে সব ধরনের মতপার্থক্য দূর করে আশু পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’ তিনি আরো বলেন, দেশটির ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে এই পরিবর্তন আনতে হবে। এতে প্রেসিডেন্ট আসাদ আর তার ক্ষমতা ধরে রাখতে পারবেন না। সিরিয়ার বিরোধী ন্যাশনাল কাউন্সিল দেশটিতে চলমান ২৩ মাসব্যাপী সহিংসতা বন্ধে আসাদকে রেখে কোন ধরনের বৈঠকে বসতে অস্বীকৃতি জানানোর পর দ্রিয়াঁর এই মন্তব্যটি এলো। চীন ও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত তিনটি প্রস্তাবে বাধা দিয়েছে। এগুলোতে ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে কঠোর দমননীতি গ্রহণের অভিযোগে আসাদ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়েছিল। এই দমনপীড়নের ফলে সিরিয়ায় সশস্ত্র গণঅভ্যুত্থান শুরু হয়।