সংবাদ কণিকা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
ইটালীতে ভূমিকম্প ইটালীর মধ্যাঞ্চলে শনিবার রাতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রোমের মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি আবাসিক ভবন কেঁপে ওঠে। ভূমিকম্প চলাকালে অ্যাবরুজো অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইতালির ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, রাজধানী ও দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসের মধ্যে অবস্থিত ফ্রোসিনোনের ১০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। —এএফপি নেপোলিয়নের বিয়ের আংটি নিলামে আগামি মাসে প্যারিসে নিলামে উঠছে নেপোলিয়নের প্রথম বিয়ের আংটি। সোনায় মোড়া ঐ আংটিতে রয়েছে একটি হিরে ও একটি নীলা। নেপোলিয়ন ১৭৯৬ সালে ঐ আংটি তার প্রথম স্ত্রী জোসেফাইনকে দিয়েছিলেন। আংটির ১৬ হাজার ডলার দাম উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।—আনন্দবাজার পত্রিকা উল্কাপিন্ডের খোঁজে লেকে রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল এলাকায় শুক্রবার সকালে আকাশ থেকে যে উল্কাপিন্ডটি একটি বরফঢাকা লেকে আছড়ে পড়েছিল, সেটিতে ঐদিন ডুবুরি নামানো হয়। পাশাপাশি ঐ অঞ্চলে ছড়িয়ে দেয়া হয় ২০ হাজার উদ্ধার কর্মী। কিন্তু উল্কার টুকরা খুঁজে পাওয়া সম্ভব হয়নি। নাসার বিজ্ঞানীরা জানান, পৃথিবীর এত কাছ দিয়ে ঐ গ্রহাণুটি যাওয়ার ফলে পরিবেশে যে ধাক্কা লেগেছে তা জাপানের হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণের চেয়েও ৩০ গুণ বেশি।—এএফপি নজরদারিতে খরচ ২৯ লাখ পাউণ্ড ব্রিটেনের আদালতে হেরে গিয়ে বিতর্কিত ওয়েবসাইট উইকিলিকসের মালিক জুলিয়ান অ্যাসাঞ্জ এখন লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়েছেন। আর তাকে নজরে রাখতে ব্রিটিশ পুলিশের এখন পর্যন্ত খরচ হয়েছে ২৯ লাখ পাউণ্ড। যদি একবার অ্যাসাঞ্জকে দূতাবাসের বাইরে পাওয়া যায় ঐ আশাতেই সেখানে টহল দিচ্ছে ব্রিটিশ পুলিশ। তবে ইকুয়েডরের সরকার জানিয়েছে, ব্রিটিশ সরকার যদি প্রতিশ্রুতি দেয় অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে না এবং মানবাধিকার লঙ্ঘন করা হবে না । তাহলেই এ অর্থ আর অপচয় করতে হবে না। —এএফপি