প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা মহানগরীতে আর্টিকুলেটেড বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই বাস সার্ভিস চালুর ফলে রাাজধানীর যোগাযোগ ব্যবস্থার নতুন যুগের সূচনা হলো। সার্ভিসটি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন আর্টিকুলেটেড বাস নগরীবাসীকে স্বস্তিদায়ক ও দ্রুত সেবা দিতে সক্ষম হবে। ভারতীয় ডলার ক্রেডিট লাইনের আওতায় ক্রয়কৃত এই সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এই বাসগুলো জয়দেবপুর থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত চলাচল করবে। ১০টি বাস নিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হয়। শিগগিরই আরো ৪০টি বাস এই বহরে যুক্ত হবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহজ শর্তে এক বিলিয়ন ডলার ঋণ দেয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের জন্য ভারতের প্রতিশ্রুত ২শ’ মিলিয়ন মার্কিন ডলার থেকে রবিবার ৫০ মিলিয়ন ডলারের চেক হস্তান্তর করা হয়েছে।
সালমান খুরশিদ বলেন, রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হতে পেরে ভারত সরকার আনন্দিত এবং তার সরকার আশা করে দুই দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর আমলে এই সম্পর্ক বিকশিত হবে।
