মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চিড়িয়াখানা আইন করার তাগিদ দিয়েছে। তাছাড়া ঢাকা চিড়িয়াখানায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে একটি সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে এবিএম আশরাফ উদ্দিনের (নিজান) সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে মিরপুরস্থ ঢাকা জাতীয় চিড়িয়াখানার বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে কমিটির সদস্যরা আলোচনা করেন। এ বিষয়ে কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে আহ্বায়ক এবং মঞ্জুর কাদের কোরাইশীকে সদস্য করে কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে প্রয়োজনে বাংলাদেশ মত্স উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান পিউস কস্তার সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়। তাছাড়া আগামী কমিটিকে দুই সপ্তাহের মধ্যে স্থায়ী কমিটির নিকট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অপরদিকে বৈঠকে কমিটির সদস্যরা সঠিক সময় অর্থাত্ বর্ষার পানি আসার সাথে সাথেই মুক্ত জলাশয়ে তুলনামূলক বড় আকারের মাছের পোনা অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছেন। এছাড়াও মত্স্য আহরণে কারেন্ট জালের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। কমিটির সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস, মো. মোসলেম উদ্দিন, মো. জিল্লুল হাকিম, মীর শওকত আলী বাদশা, জাফর ইকবাল সিদ্দিকী, মো. ইলিয়াসউদ্দিন মোল্লা এবং বেগম নূর আফরোজ আলী বৈঠকে অংশগ্রহণ করেন।
