আবারও একসঙ্গে...

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫২
এ দেশের অন্যতম দুই গুণী অভিনয়শিল্পী আবুল হায়াত-ডলি জহুর একটি খণ্ড নাটকে একসাথে অভিনয় করছেন। রুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত্ হোসেন মানিকের পরিচালনায় নাটকটির নাম ‘কেন মিছে নক্ষত্রেরা’। এখানে বাবা লতিফ সাহেব চরিত্রে আবুল হায়াত, মা আফরোজার চরিত্রে ডলি জহুর অভিনয় করবেন। নাটকটির গল্প গড়ে ওঠেছে একটি পরিবারকে কেন্দ্র করে। আবুল হায়াত বলেন, ‘একটি পরিবারের সুখ-দুঃখের গল্পের মাঝে নাটকটির সমাপ্তি ঘটবে। এর আগে অনেক পারিবারিক গল্পে আমি অভিনয় করেছি। তবে এবারের গল্পটি কিছুটা হলেও ভিন্ন। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ ডলি জহুর বলেন, ‘সারিকার মায়ের ভূমিকায় আমি অভিনয় করব। ঠিক গতানুগতিক নয়, নাটকের গল্পটি। নতুন কিছু দর্শক পাবে এই নাটকের মাধ্যমে বলে মনে হয়েছে আমার।’