হরতালে শেয়ারবাজারের সূচক কমেছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৯
গতকাল হরতালের দিনে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের আনাগোনা তুলনামূলক কম ছিল। অনেকেই লেনদেন করেছেন দূরালাপনীর মাধ্যমে। ফলে শেয়ারবাজারের সূচক কমলেও লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে সূচক কমলেও লেনদেন বাড়ার প্রবণতা ইতিবাচক। তবে এটি যেন কৃত্রিমভাবে না বাড়ানো হয়, বাজার চলতে হবে স্বাভাবিক গতিতে। তথ্যে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৪ হাজার ২৬৫ পয়েন্ট, সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ২৬৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৭৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের। ডিএসই’র ২৭৫টি কোম্পানির ১২ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক ৭০ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭৫ পয়েন্ট দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ১০২ পয়েন্ট কমে ১১ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ৪ লাখ ৮ হাজার ৪৮৪ টাকা। লেনদেনকৃত ১৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত ছিল ৯টির শেয়ারের দাম। ডিএসই সূত্র জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এসেছে ২ টাকা ৪৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ২৬ পয়সা।