ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট রকিবুর রহমান বলেছেন, শেয়ারবাজারকে স্বচ্ছ ও সহজবোধ্য করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ডিএসই’র বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা হলো। এর মাধ্যমে বিনিয়োগকারীরা সহজেই বিভিন্ন তথ্য বুঝতে পারবেন। তবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আরো কঠোর হতে হবে। যেন কোন কোম্পানি বাজার থেকে টাকা তুলে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতে না পারে। গতকাল বাংলা ওয়েবসাইট উদ্বোধনকালে রকিবুর রহমান এসব কথা বলেন। ডিএসই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন রকিবুর রহমান।
এসময় ডিএসই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী বলেন, বিনিয়োগকারীরা যেন কোম্পানি ও বাজারের গতি প্রকৃতি বুঝে সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন এজন্য ডিএসইতে একটি ই-লাইব্রেরি করার চিন্তা রয়েছে। যেখানে বিনিয়োগ সংক্রান্ত বই ও বাজার বিশেষজ্ঞদের বিভিন্ন গবেষণাকর্ম থাকবে। নতুন বিল্ডিংয়ে ডিএসই’র কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পরই এ লাইব্রেরি করা হবে বলে তিনি উল্লেখ করেন। ই-লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ করে আহমেদ রশীদ বলেন, এ ধরনের লাইব্রেরি হলে বিনিয়োগকারীরা ঘরে বসেই বিনিয়োগ সংক্রান্ত জ্ঞান অর্জন করতে পারবেন। যা তাদেরকে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ই-লাইব্রেরির ক্ষেত্রেও বাংলা ভার্সনকে গুরুত্ব দেয়া হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহানসহ ডিএসই’র পরিচালকরা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে ডিএসই’র নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করেন ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান। এখন থেকে ডিএসই’র ইংরেজি ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইটও চালু থাকবে। ইংরেজি ওয়েবসাইটের মধ্যে বাংলা ভার্সন লেখা আইকনের উপর ক্লিক করলেই বাংলা ভার্সনটি চলে আসবে। এছাড়া www.bangla.dsebd.org এই ঠিকানার মাধ্যমেও বাংলা ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
বাংলা ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে রকিবুর রহমান বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিনিয়োগকারীদের দাবির প্রেক্ষিতে বাংলা ওয়েবসাইট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি, এখন থেকে বিনিয়োগকারীরা সহজেই তথ্য বুঝে বিনিয়োগ করতে পারবেন।
