অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরে
ফের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা হল কাশ্মীরে। সেনা সূত্রে জানা গেছে, বালাকোট সেক্টরের হামিরপুরের কাছে চার-পাঁচজনের একটি দল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। খবর পেয়েই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। ঝোপ-জঙ্গলের আড়াল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা। দু’পক্ষের গুলি যুদ্ধ চলে রবিবার সকাল পর্যন্ত। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, অনুপ্রবেশকারীরা ওখানে লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি শুরু করেছেন তারা। তিনি বলেন, আশা করা যাচ্ছে শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে। -আনন্দবাজার পত্রিকা
বনধে বিপর্যস্ত জনজীবন
হুরিয়ত কনফারেন্সের ডাকা বনধে রবিবার বিপর্যস্ত হয়ে পড়ে জম্মু ও কাশ্মীরের জনজীবন। আফজল গুরুর ফাঁসির কারণে প্রথমে সাত দিনের বনধ ডেকেছিল হুরিয়ত। কিন্তু শুক্রবার রাত থেকেই বহু জায়গায় কার্ফু শিথিল করা হলে বনধ বাড়ানো হয় আরো দু’দিন। ফলে রবিবার সারা দিন বনধ চলে। এতে করে সেখানে দোকানপাট-গাড়ি চলাচল বন্ধ ছিল। পুরো এলাকা ছিল থমথমে। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় বিপুল পুলিশ ও সেনা সদস্য। এদিকে বিক্ষোভের সময় পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ার অভিযোগে কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে ৫৩ জন যুবক গ্রেফতার করা হয়েছে। -পিটিআই
মালয়েশিয়া থেকে জেনাফোন বহিষ্কার
সিনেটর নিক জেনোফোনকে শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটকের পর রবিবার দেশটিতে বহিষ্কার করা হয়েছে। এদিকে এই বহিষ্কারের ব্যাখ্যা চেয়েছে ক্যানবেরা। নিক জেনোফোন মালয়েশিয়ার নির্বাচনকে সামনে রেখে একটি ফ্যাক্ট ফাইন্ডিং দলের হয়ে মালয়েশিয়া গিয়েছিলেন। এ দলটি মালয়েশিয়ার নির্বাচনী ব্যবস্থা খতিয়ে দেখতে চেয়েছিল। মালয়েশিয়া থেকে ফিরে নিক জেনোফোন রবিবার জানান, কুয়ালালামপুর কর্তৃপক্ষের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে তাকে ওই দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক সংস্কারকে সমর্থন করায় মালয়েশিয়া সরকার এ ব্যবস্থা নিয়েছে। এ ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রী নাজিব রাজাক জড়িত বলে মনে করেন নিক। -এএফপি
থাইল্যান্ডে বোমায় নিহত ৩
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলের একটি শহরে উপর্যুপরি বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। এই অঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার কয়েকদিন পর এই ঘটনা ঘটলো। শনিবার রাত থেকে প্রাদেশিক শহর পাত্তানিতে তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, আরো চারটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে পার্শ্ববর্তী নারাথিওয়াত প্রদেশে বুধবারের সেনা ঘাঁটিতে জঙ্গিদের ব্যর্থ হামলার সম্পৃক্ততা রয়েছে। ওই ঘটনায় ১৬ জঙ্গি নিহত হয়। -এএফপি
