সেরেনা উইলিয়ামসকে আনন্দটাও ঠিকমতো করতে দিলেন না ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেমিফাইনালে জয়ের ভেতর দিয়ে আজারেঙ্কাকে হটিয়ে এক নম্বরে উঠেছেন সেরেনা। কিন্তু সেই আজারেঙ্কাই দুইদিন পর কাতার ওপেনের ফাইনালে ৭-৬(৬), ২-৬, ৬-৩ গেমে হারালেন সেরেনাকে।
সেরেনার বিরুদ্ধে আজারেঙ্কার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটা একেবারেই একপেশে। এই ম্যাচের আগে ১২ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিলেন আজারেঙ্কা। এরপরে তার বিরুদ্ধে জিততে পারেননি একটি ম্যাচও। তার উপর গত সোমবার তাকে স্থানচ্যুত করেই সবচেয়ে বেশি বয়সী খেয়োয়াড় হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে আরোহণ করেন সেরেনা।
এদিন যেন এসব পরিসংখ্যানের বিপক্ষেই খেলতে নেমেছিলেন আজারেঙ্কা। ম্যাচের প্রথম সার্ভ থেকেই এই বেলারুশ তারকা ছিলেন দারুণ উজ্জীবিত। অন্যদিকে সেরেনার কোনকিছুই চলছিল না ঠিকভাবে। যার প্রমাণ প্রথম সেটে সেরেনার ২৬টি আনফোর্সড এরর! তবে এরপরেও তিনি সেটটাকে ৬-৫ গেমে টেনে নিয়ে যেতে সক্ষম হন। প্রথম সেটে হারার পর দ্বিতীয় সেটে নিজের স্বভাবসুলভ লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে সেরেনা ঠিকই ফিরে আসেন। দ্বিতীয় সেটটি জিতে নেন ৬-২ গেমে। এরপর শিরোপা নির্ধারক তৃতীয় সেটে নিজের সার্ভে শেষ পয়েন্ট তুলে নিয়ে আড়াই ঘণ্টারও কম সময়ে ম্যাচ জিতে যান আজারেঙ্কা। ২০১৩ সালে নিজের টানা জয়ের রেকর্ডকে দ্বাদশ ম্যাচে নিয়ে যাওয়ার পর উল্লসিত এই বেলারুশিয়ান বলেন, ‘সত্যিই দারুণ এক অনুভূতি। এই টুর্নামেন্টে শিরোপা জয় করা খুবই কঠিন। খেলোয়াড়দের মধ্যে শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে। আমি খুবই খুশি যে, সপ্তাহ শেষে আমার হাতেই চ্যাম্পিয়নের ট্রফিটা উঠল।’ কোর্টে নিজের পারফরম্যান্স সম্পর্কে তিনি বলেন, ‘ম্যাচে আমার মূল লক্ষ্য ছিল লড়ে যাওয়া এবং কোর্টে আমার সেরাটা ঢেলে দেয়া। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগানো। তৃতীয় সেটে আমার অবস্থা ছিল ০-৩০। আমি নিজেকে বললাম তোমার লেগে থাকতে হবে। কিছু একটা করতে হবে। সেরেনা তখন দারুণ ছন্দে ছিল। তাই আমার প্রয়োজন ছিল নিজেকে এক ধাপ এগিয়ে নেয়ার। আমি খুশি যে, আমি সেটা করতে পেরেছি এবং খেলায় মেজাজটা ধরে রাখতে পেরেছি।’ ম্যাচে সেরেনা সর্বমোট ৪৮টি আনফোর্সড এরর করেছেন আর সাতটি ব্রেক পয়েন্টের মধ্যে কাজে লাগাতে পেরেছেন মাত্র তিনটি।
তবে এই হারের পরেও আজ টেনিসের নিয়ন্ত্রক সংস্থা যে নতুন র্যাঙ্কিং ঘোষণা করবে তাতে এক নম্বরেই থাকবেন এই আমেরিকান। যদিও আজারেঙ্কার সামনে সুযোগ থাকছে আগামী সপ্তাহেই তাকে টপকে যাওয়ার। দুবাইতে দুইজনের পরবর্তী টুর্নামেন্টেই আবারো দেখা হওয়ার সম্ভাবনা থাকছে।
