হাঁটুতে গুরুতর চোটের কারণে দীর্ঘ সাত মাস কোর্টের বাইরে কাটানোর পরে চিলি ওপেন দিয়ে ফিরেছেন রাফায়েল নাদাল। সেবার ফাইনালে হারলেও গত রবিবার ব্রাজিল ওপেনের ফাইনালে ডেভিড নালবান্দিয়ানকে ৬-২,৬-৩ গেমে হারিয়ে কোর্টে ফিরেই জিতলেন আরেকটি ট্রফি।
নিজেই বলেছেন, নিজের সেরা ফর্ম থেকে এখনো বহু দূরে আছেন। ফাইনালের আগে প্রতিপক্ষ নালবান্দিয়ানকে ফেভারিট বলে স্বীকারও করে নিয়েছিলেন। তাই শক্ত একটা লড়াই আশা করেছিলেন সবাই। তবে কোর্টের বাইরে দারুণ বিনয়ী নাদালকে গত রবিবার কোর্টে দেখা গেল তার সেই পুরনো আগ্রাসী চেহারাতেই। পুরো টুর্নামেন্ট জুড়ে যে নড়বড়ে নাদালকে সবাই দেখছিলেন সেই নাদাল যেন একেবারে উধাও। ফলে বর্ষীয়ান আর্জেন্টাইন তারকা নালবান্দিয়ান পাত্তাই পেলেন না সাবেক এক নম্বর নাদালের কাছে।
২০০৫ সালে প্রথমবার ব্রাজিল ওপেনের শিরোপা জয় করা নাদাল ম্যাচের শুরু থেকেই ছিলেন দারুণ আগ্রাসী। দুটি ব্রেক পয়েন্ট জিতে নিয়ে প্রথম সেটে তিনি নালবান্দিয়ানকে উড়িয়ে দেন ৬-২ গেমে। এরপরে দ্বিতীয় সেটে প্রথম তিনটি গেমই জিতে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন নালবান্দিয়ান। তবে এরপর টানা ছয়টি গেম জিতে নাদাল ক্যারিয়ারের ৫১তম শিরোপার জয়ের পাশাপাশি সবাইকে বুঝিয়ে দেন নিজের সেরা ফর্মে ফিরতে খুব বেশি দেরি নেই তার।
গত বছরের মে মাসে প্যারিসে নিজের সপ্তম ফ্রেঞ্চ ওপেন শিরোপার পরে এটাই এই স্প্যানিয়ার্ডের প্রথম শিরোপা । তিনি মনে করছেন সাত মাসের বিরতির পর ব্রাজিল থেকেই আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবেন তিনি, ‘ব্রাজিলে ২০০৫ সালে শিরোপা জেতার পরেই আমি বড় টুর্নামেন্টগুলোতে জিততে শুরু করি। আশা করি আজকের শিরোপার মাধ্যমে আবারো ভাল কিছুর সূচনা হল। তাই ব্রাজিলকে আমি কখনোই মন থেকে মুছে ফেলতে পারবো না।’
