উত্তরায় ১২ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
পুলিশ রাজধানীর উত্তরা থেকে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ৬ বোতল কোবরা সাপের বিষ উদ্ধার করেছে। বেলা ১১টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের লেকের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিষ উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান বলেন, এগুলো ফ্রান্স থেকে আনা হয়েছে। তিনি জানান, হরতাল চলাকালে স্থানীয় লোকজন উত্তরা থানাধীন ৫ নম্বর সেক্টরের লেকের পানিতে একটি বড় বাকস ভাসতে দেখে থানা পুলিশের একটি টহল দলকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাকসটি পানি থেকে ওপরে ওঠায়। বাকসটি খুলে তারা কোবরা সাপের বিষ রাখা ৬টি কাঁচের পাত্র দেখতে পায়। প্রতিটি পাত্রে ২ পাউন্ড করে বিষ রয়েছে বলে ওসি জানান। খন্দকার রেজাউল হাসান বলেন, প্রতিটি পাত্রের বিষের মূল্য প্রায় ২ কোটি টাকা হিসেবে ৬টি বিষের পাত্রের মূল্য প্রায় ১২ কোটি টাকা। তিনি বলেন, বিষ আমদানির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কারা এসব বিষ এনেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এর আগে এক সঙ্গে এতো সাপের বিষ উদ্ধার হয়নি বলে জানান তিনি। ওসি বলেন, এসব বিষের প্রকৃত অবস্থা জানতে পাত্রগুলো বিশেষজ্ঞের কাছে প্রেরণ করা হয়েছে।