হারিয়ে যাচ্ছে হাত করাতিদের পেশা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
গ্রাম বাংলার সকল প্রান্তে এক সময় পদাচরণ ছিল করাতিদের। কাধেঁ বাঁশের খাপে ঢুকানো বড় দাতওয়ালা করাত,আর ঝোলার ভিতরে রান্নার হাড়িপাতিল ছিল তাদের নিত্যসঙ্গী। বড় বড় গাছ মাচা বানিয়ে দীর্ঘ সময় ধরে কাটতো, সেই কাঠ দিয়েই এক সময় তৈরি হতো গ্রাম গঞ্জের ঘর বাড়ি। করাতী রিয়াজউদ্দিন জানান, এক সময় আমরা ৩০-৪০ জন কয়েকটি দলে ভাগ হয়ে কাজ করতাম। এখন করাত কল হওয়ার কারনে আমরা কাজ পাচ্ছি না। ফলে আমাদের এই পেশার লোকেরা জীবিকা নির্বাহের জন্য অন্য পেশার দিকে ঝুকছে। কেউ দিন মজুর, ভ্যান ও রিক্সা চালিয়ে অতিকষ্টে মানবেতর জীবনযাপন করছে। ওয়াজেদ মোল্যা জানান, বাপ-দাদার আমল থেকে এ পেশায় আছি। আমার সাথে অন্যান্যরা বিভিন্ন পেশায় কাজ করছে। চরভদ্রাসন উপজেলায় এখন ৩ জন করাতি কাজ করি। কোন দিন কাজ পাই কোনদিন পাই না। আমাদের অনেকদিনের পুরোনো পেশা আজ হারিয়ে যাওয়ার পথে। এ ব্যাপারে স্থানীয় কাঠ ব্যবসায়ী তোতা মৃধা বলেন, আগে আমরা এদের দিয়ে কাঠ চিরাই করতাম কিন্তু বর্তমানে এলাকায় করাত কল হওয়ায় মিল থেকে কাঠ চিরাই করি। এতে আমাদের সময় যেমন কম লাগে তেমনি কাঠও অনেক সুন্দর হয়। যা করাতিদের দিয়ে সম্ভব নয়।