এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে রবিবার মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি দেবেন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা কিছু সময় শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে। তারা মিছিলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে যানচলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছর ধরে সরকাার দেবেন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আওলাদ হোসেন কলেজ কেন্দ্রে পরীক্ষা দিত। এবছর তাদের পরীক্ষার কেন্দ্র সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ: এর আগে মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন হয়রানির শিকার হতো। এবছর যাতে হয়রানি হতে না হয় তাই তারা কেন্দ্র পরিবর্তনের দাবি জানায়। অন্যথায় তারা পরীক্ষা বর্জনের হুমকি দেয়।
